
জাহান কাপুর
শেষ আপডেট: 15 January 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: ওটিটিতে বছরটা মন্দ শুরু হয়নি। প্রথম ওভার থেকেই যেন চার ছয় চলছে। আর সেই ঝোড়ো ইনিংসে ওপেনিং ব্যাটার নিঃসন্দেহে জাহান কাপুর (Zahan Kapoor)।
নেটফ্লিক্সের নতুন সিরিজ ব্ল্যাক ওয়ারেন্ট-এ (Black Warrant - Netflix) এএসপি সুনীল কুমার গুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন জাহান কাপুর। তাঁর এই চরিত্রাভিনয় ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে। ৩২ বছর বয়সি এই অভিনেতা কাপুর পরিবারের আর এক প্রতিভা।
জাহানের জন্ম ১৯৯২ সালের মার্চ মাসে। তিনি কুণাল কাপুর এবং তাঁর প্রাক্তন স্ত্রী শীনা সিপ্পির ছেলে। শশী কাপুরের নাতি এবং শোলের বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পির নাতি হিসেবে তিনি দুই পরিবার সূত্রেই অভিনয়ের উত্তরাধিকার বহন করছেন।
View this post on Instagram
জাহান কাপুর একজন প্রশিক্ষিত অভিনেতা। অন্যান্য তারকা-সন্তানদের মতো চটজলদি সিনেমার জগতে পা না দিয়ে, তিনি নিজের অভিনয় দক্ষতা মঞ্চ-নাটকে প্রমাণ করেছেন। ২০১৯ সালে মকরন্দ দেশপাণ্ডে পরিচালিত নাটক পিতাজি প্লিজ-এর মাধ্যমে পৃথ্বী থিয়েটারে অভিষেক ঘটে জাহানের। সেই নাটকটি পৃথ্বী থিয়েটারের দর্শকদের কাছে সমাদৃত হয়।
জাহান মূলধারার সিনেমার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন ভাবগম্ভীর বিষয়বস্তু নিয়ে কাজ করা চলচ্চিত্রে। ২০২২ সালে হানসল মেহতা পরিচালিত ফারাজ-এর মাধ্যমে তিনি ওটিটি দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটেছিল জাহানের। সেদিক থেকে ব্ল্যাক ওয়ারেন্ট তাঁর দ্বিতীয় সাড়া ফেলে দেওয়া সিরিজ।
View this post on Instagram
কাপুর পরিবারের নতুন প্রজন্মের রণবীর কাপুর, করিনা কাপুর খান এবং করিশ্মা কাপুর অনেক আগেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন। তবে জাহান নিজের ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্ব নিয়ে বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। এমনকি উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে তিনি সচরাচর অংশগ্রহণ করেন না।
জাহানের মায়ের দিকের পরিবারও অভিনয় জগতে সুপ্রতিষ্ঠিত। তাঁর দিদিমা ব্রিটিশ টেলিভিশনের জনপ্রিয় মুখ। নেটফ্লিক্সের ব্ল্যাক ওয়ারেন্ট-এ এএসপি সুনীল কুমার গুপ্ত চরিত্রে জাহানের অভিনয় একেবারেই নিখুঁত। ফিল্ম ক্রিটিকদের অনেকের কথায়, জাহানের অভিনয়ে যে গভীরতা এবং সংযম দেখা গেছে, তা তাঁকে অন্য অভিনেতাদের থেকে আলাদা করে তুলেছে।
ব্ল্যাক ওয়ারেন্ট সিরিজটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সে ছাড়াও রয়েছেন রাহুল ভাট, অনুরাগ ঠাকুর, পরমবীর সিং চিমা, রাজেন্দ্র গুপ্ত এবং সিদ্ধান্ত গুপ্ত। বর্তমানে সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং চলছে।