
শেষ আপডেট: 20 October 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: মহাষষ্ঠীতে টলিপাড়ায় একরকম ছুটির মেজাজ। পুজোর পাঁচদিনের এপিসোড ব্যাঙ্কিং সেরে এখন তারকারা ছুটির মেজাজে। তবে অভিনেতারা পুজোয় যতই ছুটি কাটান ধারাবাহিকের সম্প্রচার তাই বলে বন্ধ থাকবে না। প্রায় সমস্ত ধারাবাহিকেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। সাধারণত বাস্তবে পুজো শেষ হয়ে গেলেও ধারাবাহিকের পুজোর পর্ব চলতে থাকে অনেক দিন ধরেই।
জি বাংলার প্রায় সব কটি ধারাবাহিকেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। পিছিয়ে নেই 'জগদ্ধাত্রী'ও। চলতি সপ্তাহে যদিও তাঁদের টিআরপি কমে গিয়েছে অনেকটাই, এক থেকে লাফ মেরে তিনে নেমে গিয়েছে জ্যাস সান্যালের গল্প। পুজোর সপ্তাহে সেই কারণেই পুজোর গল্প দিয়েই কামব্যাক করতে মরিয়া ব্লুজ-এর এই ধারাবাহিক।
চলতি সপ্তাহের পর্বে দেখা যাবে জ্যাসের ননদ সাংভির শ্বশুরবাড়িতে জমে উঠেছে পুজোর তোড়জোড়, তার মধ্যেই খোয়া যায় প্রাচীন স্বর্ণকমল যা ওই বাড়ির ঐতিহ্য। যথারীতি ডাক পড়ে জ্যাসের। সে কী খুঁজে দিতে পারবে হারানো ঐতিহ্য? জানতে গেলে পুজো পরিক্রমার মধ্যেই চোখ রাখতে হবে জগদ্ধাত্রী-র পর্বে।
চলতি বছরে মহালয়া-য় জি বাংলায় মা দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিককে। এই মুহূর্তে ইন্টেলিজেন্স বিভাগের ডাকাবুকো জ্যাসের ব্যতিক্রমী গল্প সামান্য পিছিয়ে পড়েছে প্রতিযোগিতায়। ইদানীং কালে টিআরপি তালিকায় কিছু দিন পিছিয়ে পড়লেই সময় বদলে দেওয়া হয় অথবা শেষ করে দেওয়া হয় অনেক ধারাবাহিককেই। তবে দীর্ঘদিন টিআরপি তালিকায় এক নম্বরে থাকা 'জগদ্ধাত্রী'কে এত জলদি আসন হারাতে হবে বলে মনে হয় না।