
শেষ আপডেট: 24 May 2023 15:39
দ্য ওয়াল ব্যুরো: সুকেশ চন্দ্রশেখরের অর্থ তছরুপ কাণ্ডে নাম জড়ানোয় দীর্ঘদিন ধরেই বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে বলিউড অভিনেত্রী (Bollywood actor) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। এই নিয়ে নানা টানাপোড়েনের মধ্যে দিয়েই চলছে অভিনেত্রীর জীবন। তবে মঙ্গলবার দিল্লির একটি বিশেষ আদালত (Delhi court) জ্যাকলিনকে বিদেশযাত্রার অনুমতি দিল। দীর্ঘ আবেদনের পর তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য পাতিয়ালা হাউস কোর্টে আবেদন করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সেই আবেদনের শুনানিতে আদালত ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত দুবাইতে আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁকে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। এছাড়াও বিচারক জ্যাকলিনকে তাঁর আগামী ছবির শ্যুটিংয়ের জন্য ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত ইতালি যাওয়ার অনুমতিও দিয়েছে।
প্রসঙ্গত, সুকেশ জেলে থাকাকালীন অভিনেত্রীকে ১০ কোটি টাকারও বেশি মূল্যের একটি উপহার পাঠিয়েছিলেন। এমনকী সুকেশ যখন জামিনে ছিলেন, তখন নাকি মুম্বই থেকে চেন্নাইয়ে আসতে জ্যাকলিনের জন্য একটি চার্টার্ড ফ্লাইটও বুক করেছিলেন। সেসময় অভিনেত্রী এবং সুকেশ চেন্নাইয়ের একটি হোটেলে দু'দিন একসঙ্গেও ছিলেন। জেল থেকে সুকেশ জ্যাকলিনকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন। যদিও জ্যাকলিন তাঁর সঙ্গে সুকেশ-যোগ নস্যাৎ করে দিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই বলিউড তারকা সলমন খানের সঙ্গে কলকাতায় এসে শো করে গিয়েছেন জ্যাকলিন। অভিনেতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। 'কিক' ছবিতে অভিনয়ের সূত্রেই দু'জনের বন্ধুত্বের শুরু। সেসময় সলমনের সঙ্গে জ্যাকলিনের প্রেমের গুজবও ছড়িয়েছিল। যদিও তা শেষ পর্যন্ত পরিণতি পায়নি। তবে এরপর থেকেই খুব ভাল বন্ধু হয়ে যান দুই তারকা। এমনকী সলমনের ঘনিষ্ঠ মহল জানিয়েছিল যে, জ্যাকলিনের সঙ্গে যখন সুকেশের প্রেম তুঙ্গে, সেসময় সলমন নাকি অভিনেত্রীকে চন্দ্রশেখরের সম্পর্কে সাবধানও করেছিলেন।
জন্মদিনে জেল থেকে জ্যাকলিনকে প্রেমপত্র সুকেশের, 'তোমায় মিস করছি বেবি'