খবরটি নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নে ডিন সুলিভান। সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে শোকবার্তা আর পুরনো ছবি—শতবর্ষ ছোঁয়ার আগে এমন বিদায়ে মন ভারাক্রান্ত সিনে দুনিয়ার।

অভিনেতার প্রয়াণে হলিউডে নেমেছে শোকের ছায়া
শেষ আপডেট: 22 June 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: সাম রাইমি পরিচালিত ২০০২ সালের স্পাইডার ম্যান ছবিতে ‘হেনরি বলকান’ চরিত্রটি মনে আছে? পিটার পার্কারের (টোবি ম্যাগুয়ের) পাশে ছোটখাটো চরিত্র হলেও যাঁর উপস্থিতি মনে দাগ কেটেছিল—সেই অভিনেতা জ্যাক বেটস আর নেই। ক্যালিফোর্নিয়ার লস ওসোসে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার, বয়স হয়েছিল ৯৬।
খবরটি নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নে ডিন সুলিভান। সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে শোকবার্তা আর পুরনো ছবি—শতবর্ষ ছোঁয়ার আগে এমন বিদায়ে মন ভারাক্রান্ত সিনে দুনিয়ার।
১৯২৯ সালের ১১ এপ্রিল নিউ জার্সিতে জন্ম জ্যাকের। পুরো নাম জ্যাক ফিলমোর বেটস। নামের মাঝখানে থাকা ‘ফিলমোর’ নিয়ে মজাও করতেন নিজেই—বলতেন, “আমি বুঝি মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিলমোরের আত্মীয়!”
মিয়ামি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার পড়াশোনার পর নিউ ইয়র্কে পাড়ি দেন অভিনয়ের জন্য। শুরুটা হয় ১৯৫৩ সালের রিচার্ড ৩ দিয়ে। তবে ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট আসে অ্যাক্টরস স্টুডিয়োর অডিশনে। বন্ধুর সঙ্গে সৌহার্দ্য দেখে মুগ্ধ হন বিচারক, আর সেখান থেকেই তিন বছরের স্কলারশিপ।
পরবর্তী সময়ে কিংবদন্তি পরিচালক এলিয়া কাজান তাঁকে ডাকেন ক্যাট অন আ হট টিন রুফ, সুইট বার্ড অফ ইয়ুথ, এমনকি ড্রাকুলা-র মতো ছবিতে অভিনয়ের জন্য। টেলিভিশনেও সমান জনপ্রিয় ছিলেন তিনি—জেনারেল হসপিটাল, অল মাই চিলড্রেন, দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস–এর মতো সিরিয়ালে দেখা গেছে তাঁকে। তাঁর মৃত্যুতে হলিউড জুড়ে শোকের ছায়া।