অবিভক্ত ভারতের বিক্রমপুরে ১৯৩৪ সালের ১১ সেপ্টেম্বর জন্ম নেন প্রফুল্ল রায়। দেশভাগের পর ১৯৫০ সালে তিনি চলে আসেন স্বাধীন ভারতে।
.png.webp)
প্রয়াত প্রফুল্ল রায়
শেষ আপডেট: 19 June 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: গত তিন দিন ধরে আকাশের মন ভাল নেই। ঘনঘোর বর্ষায় মুখ ভার শহরেরও। আর এরকমই এক বাদল দিনে আচমকাই নৌকাডুবি। প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়। এ দিন দুপুরে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৯০ বছর।
অবিভক্ত ভারতের বিক্রমপুরে ১৯৩৪ সালের ১১ সেপ্টেম্বর জন্ম নেন প্রফুল্ল রায়। দেশভাগের পর ১৯৫০ সালে তিনি চলে আসেন স্বাধীন ভারতে। কলকাতাই হয়ে ওঠে তাঁর নতুন ঠিকানা। এ দেশে এলেও দেশভাগের যন্ত্রণা তাঁকে ছাড়েনি। তাঁরই লেখা কালজয়ী উপন্যাস 'কেয়াপাতার নৌকো' আজও প্রাসঙ্গিক। বিক্রমপুর অঞ্চলের রাজদিয়া গ্রামের পটভূমিতে লেখা এই উপন্যাস। আর ওই রাজদিয়াতেই জন্ম নেন প্রফুল্ল রায়।
তাঁর গল্প উপন্যাস অবলম্বনে ৪৫টির মতো টেলিফিল্ম, টেলি-ধারাবাহিক, ফিচার-ফিল্ম নির্মিত হয়েছে। তার মধ্যে এখানে পিঞ্জর (১৯৭১), বাঘবন্দী খেলা (১৯৭৫), 'মোহনার দিকে' (১৯৮৪), 'আদমি অউর অউরত' (১৯৮৪), 'একান্ত আপন'(১৯৮৭), 'চরাচর'(১৯৯৪), 'টার্গেট' (১৯৯৭), 'মন্দ মেয়ের উপাখ্যান' (২০০৩), 'ক্রান্তিকাল' (২০০৫), কেয়া পাতার নৌকো... তালিকাটা লম্বা।
জীবনে বহু পুরস্কার পেয়েছেন এই সাহিত্যিক। 'ক্রান্তিকাল'-এর জন্য ২০০৩ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার, 'শরৎস্মৃতি' তালিকাটা লম্বা। তাঁর বিখ্যাত কাজের মধ্যে রয়েছে, 'প্রতিধ্বনি', 'আগুনের কাছাকাছি', 'ভাতের গন্ধ', 'উত্তাল সময়ের ইতিকথা', 'রথযাত্রা', 'পিতৃভূমি'সহ অগুন্তি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সাহিত্যজগৎ। বাংলা সাহিত্যের ইতিহাসে ইন্দ্রপতন।