
শেষ আপডেট: 25 November 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহখানেক আগে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পিপ্পা’। ছবিতে ব্যবহৃত কাজী নজরুল ইসলামের গান ‘কারার ওই লৌহ কপাট’ গানটি নিয়ে বিতর্কের আগুন এখনও ধিকিধিকি জ্বলছে। পাড়ার চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের গ্রুপ—সর্বত্র এই একই বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে যে বিষয়টা নিয়ে একেবারেই কথা হচ্ছে না, তা হল ঈশান খট্টরের অভিনয়।
‘পিপ্পা’-র প্রধান চরিত্রে রয়েছেন ঈশান। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের অন্যতম নায়ক ব্রিগেডিয়ার বলরাম সিং মেহেতার চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুরের ভাই। বাস্তবের এক চরিত্রকে পর্দায় এমন সাফল্যের সঙ্গে তুলে ধরা চাট্টিখানি কথা নয়। তবে ঈশান সেটা পেরেছেন। গান বিতর্কের জেরে তাঁর অভিনয় চাপা পড়ে গেলেও যাঁরাই ছবিটি দেখেছেন, তাঁদের মুখেই শোনা গিয়েছে অভিনেতার প্রশংসা।
আর সেই নিয়েই উচ্ছ্বসিত ঈশান। বলিউডের এই তরুণ অভিনেতা বলেছেন, “অভিনেতা হিসাবে নানারকমের চরিত্রে অভিনয়ের খিদে থাকেই। আর বলরাম সিং মেহেতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই ছবিতে ওঁর চরিত্রটি বেশি গুরুত্বপূর্ণ। ভারত-পাক যুদ্ধের সময়ে ভারতের ভূমিকা কেমন ছিল তা সঠিকভাবে তুলে ধরার জন্য উনি সবসময় আমাদের সঙ্গে সেটে থাকতেন।”
ছোটবেলায় বেশ কয়েকটি ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করার পর ২০১৮ সালে হিরো হিসাবে বলিউডে ডেবিউ করেন। এই ছ’বছরের কেরিয়ারে হাতেগোনা কয়েকটি ছবিতেই অভিনয় করেছেন ঈশান। এত কম ছবিতে কাজ করেন কেন? প্রশ্নের জবাবে সাংবাদিকদের ঈশান বলেন, “একসঙ্গে অনেক ছবিতে কাজ করতে পারি না। একটা শেষ করে তারপরেই আর একটা ছবি করি। তাই সময় লাগে।”
ঈশান বলেন, “আমার কাছে অনেক ছবিরই প্রস্তাব আসে। আমি অনেক সময় নিয়ে তার মধ্যে থেকে সেরাটা নিই। কিছু করে দেখাতে পারব, এমন ছবিতে অভিনয় করার চেষ্টা করি। নিজের অভিনীত চরিত্রটাকে বোঝার চেষ্টা করি। তার মধ্যে ডুবে যাই একেবারে। যখন তখন সেই চরিত্র থেকে সুইচ অফ-সুইচ অন করতে পারি না। তাই একটা প্রোজেক্ট শেষ করে তারপরেই পরবর্তী প্রোজেক্টের কাজ শুরু করি আমি।”