
শেষ আপডেট: 29 January 2021 07:52
সম্প্রতি ঈশা সাহা তাঁর নতুন সিনেমা 'সহবাসে'-র পোস্টার শেয়ার করেন আর সেটা ঘিরেই তৈরি হয় বিপত্তি। সিনেমার নাম থেকে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ওপেন ফোরামে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। রাহুল বন্দ্যোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, সায়নী ঘোষেরা অভিনয় করেছেন এই সিনেমাতে। সায়নী ও ঈশাকে ঘিরে শুরু অশালীন মন্তব্য।
লিভ ইন রিলেশনশিপের গল্প ‘সহবাসে’। কাহিনির পরতে পরতে রয়েছে দুই প্রজন্মের মানসিকতার তফাৎ। এই জেনারেশন গ্যাপকেই তুলে ধরেছেন পরিচালক অঞ্জন কাঞ্জিলাল। ছবির পোস্টারে ইশা ও অনুভবের পাশাপাশি রাহুল ও সায়নীর ছবিও রয়েছে। তার প্রেক্ষিতেই অশালীন ভাষায় কমেন্ট করেছেন অনেকে। আবার অনেকেই সরাসরি সায়নীকে আক্রমণ করে লিখেছেন “সায়নী ঘোষ না থাকলে ফিল্মটা দেখতাম।”
কিছুদিন আগেই সায়নীর সঙ্গে তথাগত রায়েই টুইট যুদ্ধ শুরু হয়, যার জল থানা পুলিশ অব্দিও গড়ায়। অপর দিকে সায়নীর একটি পুরনো পোস্টকে ঘিরে নতুন করে তৈরি হয় বির্তক। সেখানে নাকি সায়নী হিন্দুধর্মকে আঘাত করেছেন বলে দাবি করেন অনেকে। সায়নী ঘোষকে শুনতে হয়েছে নানা খারাপ কথা কিন্তু শুধু তিনি একা নয়, দেবলীনা দত্ত মুখার্জীর নামও জড়িয়েছে! ওপেন ফোরামে তাঁকেও দেওয়া হয়েছে 'রেপ থ্রেট'। অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের। শিল্পীমহলও প্রতিবাদে সামিল হয়েছেন ইতিমধ্যেই।
সম্প্রতি বির্তকের রেশ আরও গাঢ় হয়ে দানা বেঁধেছে কারণ বিজেপি নেতা সৌমিত্র খাঁ স্পষ্ট করে সায়নীকে যৌন কর্মী বলেছেন। বর্ধমানের খণ্ডঘোষের সভায় আবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করেছে, আমাদের মা মনসাকে যারা অপমান করে, তারাই অরিজিনাল যৌনকর্মী বলে আমি মনে করি।” যদিও এর উত্তর সায়নী দিয়েছেন।
সৌমিত্র খাঁকে এক হাত নিয়েই সায়নী লেখেন যে, "সৌমিত্র বাবু, আপনার কষ্ট টা আমি বুঝি..
রাগে, শোকে আপনার ভারসাম্য হারানোটা খুবই স্বাভাবিক। ... আপনি সভাস্থল থেকে যেভাবে পুজো করার নিদান দিয়েছেন সেটা কেউ এই বাংলাতে কোনোদিনও বলেনি। আর ভবিষ্যতেও বলবেনা। কিন্তু এই প্রথম আপনার মুখ থেকে সেগুলো উচ্চারিত হলো। সত্যিকারের ঈশ্বর বিশ্বাসী হলে এই কথা গুলো বানিয়ে বলতেও আপনি অনেকবার ভাবতেন।"
এছাড়াও সিনেমার পোস্টারকে ঘিরে আরও নানা কুরুচিরকর মন্তব্য ভেসে এসেছে! কিন্তু প্রশ্ন একটাই কিছুদিন আগেই পালিত হল কন্যা দিবস, সাধারণতন্ত্র দিবস! সেখানে স্বাধীনভারতে কি মেয়েদের নিয়ে ওপেন ফোরামে এরকম কুরুচিকর মন্তব্য করা যায়? দেশের রাজনৈতিক নেতারাও কি তা করতে পারেন?