
শেষ আপডেট: 28 February 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: সোহিনী সরকার ও শোভনের প্রেম নিয়ে লুকোচুরি জারি আছে। তাঁরা মুখে অস্বীকার করলেও নেটিজেনদের চোখ-কান চারদিকে খোলা। তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনা তুঙ্গে। কোনও ছবি পোস্ট হতে না হতেই নেটপাড়া রহস্য খুঁজতে ঝাঁপিয়ে পড়ছে। তবে কী রটছে আর কীই বা ঘটছে, তা বোঝা মুশকিল।
সম্প্রতি ফিনল্যান্ডে সময় কাটাতে দেখা গেল যুগলকে। বরফের চাদরে ভেসে প্রেমদিবসের দিন দুজন মিলে সুন্দর সময় কাটিয়েছেন। সেখানের ছবিও পোস্ট করলেন। দুজনে সোশ্যাল মিডিয়ায় আলাদা ভাবে ছবি পোস্ট করলেও আসল সত্যিটা বুঝতে কারও বাকি থাকে না। একই জায়গায় দাঁড়িয়ে দুজনকে ছবি ও ভিডিও করতেও দেখা যায়।
কিছুদিন আগে শোভন সোশ্যাল মিডিয়ায় দুজনের একটি ছবি পোস্ট করেন। সেখানে প্রেমময় একটি ক্যাপশনও লেখেন। তবে দশ মিনিটের মধ্যেই সেই ছবি ডিলিট করে দেন। তার কারণও খুঁজে পেয়েছে নেটদুনিয়া। এখনই সম্পর্ক নিয়ে মুখ খুলতে চান না বলেই এই সিদ্ধান্ত। কিন্তু কেন এত লুকোচুরি!

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন গায়ক। সেখানে দেখা যাচ্ছে বরফের মাঝে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে গাইছেন 'জিন্দেগী অর কুছ ভি নেহি তেরি মেরি কাহানি হ্যায়।' চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সামনেই দাঁড়িয়ে সোহিনী। তাঁকে উদ্দেশ করেই প্রেম নিবেদন। তবে ভিডিওতে এরচেয়েও বড় চমক আছে! ভাইরাল ভিডিওতে দেখা গেল শোভনের অনামিকায় একটা আংটি। যা দেখে এনগেজমেন্ট রিং বলেই মনে হয়েছে নেটিজেনদের। তবে কী প্রেমদিবসের দিনই বাগদান সারলেন এই তারকা জুটি? এই নিয়ে গায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান বাগদান হয়নি। এটা তাঁরই আংটি, কেউ তাঁকে পরায়নি। সম্পর্কটা নিয়ে সত্যি কথাটা সবাই বুঝলেও, জুটির মধ্যে রাখঢাক ভাব রয়েই গেছে।
এর আগে শোভন ও সোহিনী তাঁদের প্রাক্তনদের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। সোহিনী প্রেম করত অভিনেতা বিষ্ণুর সঙ্গে। শোভন অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে সম্পর্কে ছিলেন। দুজনেরই সম্পর্ক ভেঙে যায়। তারপরেই সোহিনী আর শোভনকে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যেত। সোহিনীর জন্মদিন, দুর্গাপুজো সমস্ত বিশেষ দিনই একসঙ্গে কাটিয়েছেন ওঁরা। কিন্তু প্রেমের কথা জিজ্ঞেস করলেই মুখে কুলুপ! বিষয়টা নিয়ে তাঁরা কবে মুখ খুলবেন সেই অপেক্ষায় ভক্তরা।