
শেষ আপডেট: 6 March 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: একেরপর এক সুখবরে ভাসছে বলিপাড়া। কিছুদিন আগে বিরাট ও অনুষ্কার ছেলে অকায় জন্ম নেয়। ইয়ামি গৌতম জানান তিনিও মা হতে চলেছে। এরপর পরই জানা যায় অন্তঃসত্ত্বা দীপিকা। এবার কানাঘুষো শোনা যাচ্ছে যে মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ ও পরিণীতি চোপড়াও!
সম্প্রতি আম্বানির বিয়েতে সামিল হয়েছিল গোটা বলিউড। সেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশলও। সেখানেই ভিকিকে দেখা গেল বউকে সন্তর্পণে হাত ধরে নিয়ে যেতে। ক্যাটের গায়ে ছিল গোলাপি রঙা একটা ওড়না জড়ানো। পরনে ছিল ঢলা জামা। আর এটা দেখেই নেটিজেনদের মনে সন্দেহ শুরু হয়। ভিকির কেয়ার দেখেই সন্দেহ আরও বাড়ে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর এই নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা কইফ বা ভিকি কৌশল কেউই।

অন্যদিকে পরিণীতি চোপড়াকে নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। বিমানবন্দরে পরিণীতির ঢিলেঢালা পোশাক পরা ভিডিও ভাইরাল হতেই চারদিকে হইহই কাণ্ড। তবে কি পরিণীতাও অন্তঃসত্ত্বা? মাত্র ৫ মাস আগেই রাজনৈতিক নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী।

কিছু যখন রটে তখন তার কিছু তো ঘটে! কিছুদিন আগেই বাফতার মঞ্চে দীপিকার সম্পর্কে প্রেগনেন্সির গুঞ্জন ছড়িয়েছিল। সেই গুঞ্জন এড়াতেই তৎক্ষণাৎ সত্যিটা জানিয়ে দেন দীপিকা ও রণবীর। তবে কী ক্যাট ও পরিণীতির জীবনেও আসতে চলেছে নতুন সদস্য?