
ইন্দ্রাণী হালদার
শেষ আপডেট: 4 November 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: শেষবার 'শ্রীময়ী' ধারাবাহিকে দেখা গিয়েছিল ইন্দ্রাণী হালদারকে। মাঝে ২০২১ সালের 'ছোটলোক' সিরিজ হোক বা 'কুলের আচার' ছবি, তন্বী ইন্দ্রাণীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে। মাঝে মধ্যে তাঁর পুরনো মাচা শো-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ঠিকই কিন্তু সম্প্রতি কোনও সাড়া শব্দই ছিল না। ভাইফোঁটার আগের রাতে এমনই এক মাচা শো-তে দেখা গেল তারকাকে। কিন্তু তাঁকে চেনা দায়।
ভাইফোঁটার রাতের সেই শো-এ পারফর্ম করা ইন্দ্রাণীর সঙ্গে ছিপছিপে ইন্দ্রাণীর আকাশ-পাতাল তফাৎ। বয়স বাড়লেও নিজের গড়ন ধরে রেখেছিলেন অভিনেত্রী। স্বাস্থ্য নিয়েও সচেতন। তাহলে হঠাৎ এমন মোটা হয়ে পড়লেন কী করে?
নিজের শারীরিক গঠনের পরিবর্তন কীভাবে, সেই উত্তর নিজেই দিয়েছেন অভিনেত্রী। সমাজ মাধ্যমে মন্তব্য করে তিনি জানান, 'পিঠে ব্যথার কারণে আমি একবছর কোনও অনুষ্ঠান করিনি, বাইরে বেরোনো একদম বারণ করেছিল ডাক্তার, জিম তো দূর, কোনও রকম ব্যায়াম করাতেও নিষেধাজ্ঞা রয়েছে। ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি। ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ওজন নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না। আমি খুব ডিপ্রেসড হয়ে যাব তাহলে, আশা করি সকলেই সেটা বুঝবেন। আমিও তো একজন মানুষ।'
অর্থাৎ পিঠের যন্ত্রণায় ওষ্ঠাগত ইন্দ্রাণী হালদার। দীর্ঘদিন ধরে বেড রেস্টে ছিলেন তিনি। জানিয়েছেন কোনওরকম ব্যায়ামের উপরও নিষেধাজ্ঞা রয়েছে তাঁর। তাই শ্যুটিং ফ্লোর থেকেও বহু দূরে তিনি।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে অভিনেত্রীকে দুঃখ করে বলতে শোনা যায়, বহুদিন আগেই তিনি ভাইকে হারিয়েছেন। তাই ভাইফোঁটা এলেই মন খারাপ হয়ে যায় তাঁর।