
কী বললেন ইন্দ্রনীল?
শেষ আপডেট: 10 April 2025 06:17
দ্য ওয়াল ব্যুরো: পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়...
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়..
যায় কি? চাইলে ছিন্ন করা যায় সম্পর্কের মায়াজাল? হতে পারে সে সম্পর্ক প্রেমের, বা বন্ধুত্বের অথবা শিকড়ের, মনের বা মননের। মুক্তি পাচ্ছে সুমন ঘোষের ছবি 'পুরাতন'। ছবির দুই শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের মুখোমুখি হয়েছিল দ্য ওয়াল। নির্ভেজাল আলাপচারিতায় উঠে এল নানা অজানা কথা। ব্যক্তিগত জীবন টালমাটাল, 'পুরাতন' নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন ইন্দ্রনীল।
পুরনো সম্পর্কগুলোকে আঁকড়ে বাঁচেন ইন্দ্রনীল? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। অভিনেতার কথায়, "স্কুলে খুব কম বন্ধু ছিল। তবে যাদের সঙ্গে ছিল তাঁদের সঙ্গে আজও রয়ে গিয়েছে। যে সম্পর্কগুলো আমার জীবনে ইতিবাচকতা এনেছে সেগুলো থেকে যায়। যেগুলি অতটাও ইতিবাচক ভাবে জীবনে আসেনি সেগুলো থেকে তো যায়ই। পুরাতন কিছুই মুছে যায় না, সব কিছু থেকে যায়।"
দেখুন সাক্ষাৎকারটি
কবিগুরু লিখেছেন, 'হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়--
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়"---আসা যায়? আঁকড়ে থাকা যায় পুরনো সম্পর্ক? খানিক যেন থামলেন ইন্দ্রনীল। এরপর বললেন, "আমার যদি কোনও পুরনো জিনিস ভাল লাগে তবে তা আমি আঁকড়ে রাখব।
আমি কিছু চেষ্টা করি না। যদি আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সেই জিনিস ভুলে যাওয়ার পর্যায়ে এসে গিয়েছে তবে আমি সেই প্রক্রিয়ার কাছে নিজেকে সমর্পণ করে দিই। ধরে রাখি, যেতে দেব না, এমনটা কোনওদিনই মনে হয়নি আমার।"
তবু সম্পর্ক ভাঙে। আওয়াজ শোনা যায় না। বুকের বাঁ দিকে জমতে থাকে ক্ষতের পাহাড়। অভিমানরাও ক্লান্ত হয়। বিশ্রামের আকাঙ্ক্ষায় খুঁজতে থাকে নতুন পরশ। বিচ্ছেদ হয়েছে ইন্দ্রনীলের। দিন কয়েক আগে প্রাক্তন স্ত্রী বরখা বিস্ত তাঁর নামে বেশ কিছু অভিযোগও এনেছেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তি, মেয়ের খোঁজ না রাখা-- তালিকাটা লম্বা। যদিও ব্যক্তিগত বিষয় বিয়ে সোজাসুজি উত্তরে খানিক আপত্তি অভিনেতার। তবু পুরাতনের প্রাসঙ্গিকতা ভুললেন না তিনি। কথা বলে পুরনো চাল ভাতে বাড়ে! আর পুরনো প্রেম? ইঙ্গিতবাহী মন্তব্যে না বলেই কি অনেকটা বলে ফেললেন অভিনেতা?