
শেষ আপডেট: 20 January 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো: স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'বঁধুয়া'। সেই সিরিয়াল নিয়ে দ্য ওয়ালের সোহিনী মুখার্জির সঙ্গে আড্ডায় অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ।
জ্যোতির্ময়ী একদম নতুন মুখ, ওর সঙ্গে কাজ শুরু করে কী মনে হল?
এখনও তো দুদিনই একসঙ্গে শুট করেছি। বেশিদিন দেখা হয়নি। তবে হ্যাঁ, কাজ করে মনে হয়েছে ও কাজ নিয়ে মনযোগী। কাজ করতে করতে ধীরে ধীরে নিশ্চয়ই নিজেকে ধারাবাহিকের জন্য যে ডেডিকেশন লাগে সেই জায়গায় নিয়ে যেতে পারবে।
তোমার কী মনে হয়, সোশ্যাল মিডিয়ায় রিল বানানো আর টেলিভিশনে অভিনয়, দুটো কী এক?
এক নয়, আবার একও বটে! দেখো ৩০ সেকেন্ড হোক বা ৩০ মিনিট, বা ৩ ঘণ্টার সিনেমা, সবেতেই অভিনয়ের জন্য তোমার একটা জিনিস দরকার, সেটা সঠিক অ্যাটিটিউড। সেটা থাকলে সব সম্ভব।
বাংলা সিরিয়াল নিয়ে সবার একটাই বক্তব্য, সেখানে এক গল্প দেখানো হয়, 'বঁধুয়া'ও কি সেরকম?
একেবারেই না। বাংলা টেলিভিশনে এরকম গল্প আগে দেখানো হয়নি। এটা আমি জোর দিয়ে বলছি।
এটা তো সবাই যেকোনো সিরিয়াল শুরুর আগে বলে, তারপর দেখা যায় যে কে সেই!
দেখো এখন ইন্টারনেটের যুগে এত প্ল্যাটফর্ম আছে, যেখানে মানুষ এত নতুন কন্টেন্ট দেখছে। সেখানের সঙ্গে কিছু যদি মিল পেয়েও যায় তবে তো সেটা কিছু করার নেই। 'সত্য প্রেম কী কথা'র সঙ্গে এর মিল আছে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা উঠেছে দেখেছি। তবে একটা ৩ ঘণ্টার ছবি আর সারা বছরের ধারাবাহিকের গল্প তো এক হতে পারে না।
মহিলা কেন্দ্রিক সিরিয়ালের চল ধারাবাহিকে সবসময় আছে, 'বঁধুয়া'ও কি শুধু 'পেখম'এর গল্প?
না, এটাও এই ধারাবাহিকের ক্ষেত্রে আলাদা। এখানে শুধু মেয়েটা নয়, ছেলেটার জীবনের স্ট্রাগেলও দেখানো হবে। ছেলেটা প্রেমে পড়ে কিন্তু পরে বোঝে সে একাই ভালোবাসে। সেই একদিকের ভালোবাসা কি দুইদিক থেকেই একদিন হবে, সেটাই জানার। দুটো মানুষ রেললাইনের মত পাশাপাশি চলছে। সেটা আদৌ কোনোদিন মিলবে কিনা সেটা জানার।
সিরিয়াল ছাড়া আর নতুন কী করছ?
নতুন বেশ কিছু কাজ চলছে। কিছু কাজ শেষের দিকে। এই নতুন বছরে অনেক কিছু নিয়েই দর্শকদের সামনে আসার পরিকল্পনা আছে। বাকিটা ক্রমশ প্রকাশ্য!
প্রেম করছ?
(হেসে) এই প্রশ্নটার উত্তর বিগত ১০ বছর ধরে দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি।
নিজের পছন্দের অভিনেতা প্রেম করছে কিনা সেটা তো সবাই জানতে চাইবেই।
অবশই! তবে না করছি না কারণ সময় নেই। কারণ একটা সম্পর্ক তৈরি করতে সময় দিতে হয়, আর সেটা আমার নেই। আমার যা কাজের শিডিউল সেটার পর পরিবারকে সময় দেওয়া, তারপর আবার প্রেমিকাকে সময় দেওয়া, সেটার ধৈর্যও নেই।
তোমাদের প্রফেশনে সময় সামলেও তো প্রেম করছে, তাহলে?
আমার তো তাদের দেখে খুব ভালো লাগে। ওদের দেখে আমার শেখা উচিৎ, সেটা এখনও আমি শিখে উঠতে পারিনি।
এমন কেউ আছে যার তোমায় ভালো লেগেছে?
আমি প্রেমিক মানুষ, আমাকে যদি কারোর ভালো লাগে সেটা লাগতেই পারে। কিন্তু প্রেমের জন্য সময়টাই আমার এখন নেই। কখনও সময় হলে নিশ্চয়ই করব, তোমরাও সবাই জানতে পারবে। আপাতত দর্শককেই আমার সব সময়টা দিতে চাই। বলতে পারো, আই অ্যাম ডেটিং মাই কেরিয়ার!