
শেষ আপডেট: 26 January 2024 21:29
দ্য ওয়াল ব্যুরো: ‘তুমি যাকে ভালবাসো’ গেয়ে ভালবাসার পরশ দিয়েছিলেন বাঙালির মনে। জাতীয় পুরস্কারও এসেছিল ঝুলিতে। সময়ের সঙ্গে সঙ্গে নাম, জনপ্রিয়তা সবই বেড়েছে। কিন্তু এভাবে যে স্বপ্নপূরণ হবে সেটা ভেবেই আহ্লাদে আটখানা গায়িকা ইমন চক্রবর্তী। নতুন বছরেই সুখবর দিলেন ইমন। নতুন অতিথি এসেছে তাঁর ঘরে।
দুধসাদা এক স্বপ্ন সুন্দরী। যা পেতে চেয়েছিলেন বহুদিন ধরে। তাই পেয়েছেন একেবারে নিজের করে। সাদা রঙের একটি মার্সিডিজ বেঞ্জ কিনেছেন ইমন। গাড়ির ছবি আপলোড করে তিনি লেখেন, “অসংখ্য ধন্যবাদ তোমায় বাবাই আমার স্বপ্ন সত্যি করার জন্য। ধন্যবাদ সবকিছুর জন্য। চিয়ার্স আমাদের নতুন চার চাকার জন্য। জয় জগন্নাথ।” বাবাকে জড়িয়ে ধরে আবেগে ভেসেছেন ইমন চক্রবর্তী।
যশ-নুসরতের ছবি ‘সেন্টি মেন্টাল’-এ ইমনের গাওয়া গান ‘কী একখান গান বানাইসে’ এখন রীতিমতো হিট। এই গানে ইমনের সঙ্গে গলা মিলিয়েছেন মিকা। গানের রিলসে ভরেছে সোশ্যাল মিডিয়ায়। হাতে আরও অনেক ছবির কাজ। একের পর এক হিট গানে দর্শকদের মন মাতাচ্ছেন ইমন। জনপ্রিয়তায় তিনি প্রায়ই থাকেন খবরের শিরোনামে। তাঁর মার্সিডিজ কেনার খবরেও আপ্লুত ভক্তেরা। সকলেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ইমনকে।
View this post on Instagram
খুব অল্পবয়সেই মাকে হারিয়েছেন ইমন। প্রতিটা মুহূর্তে আজও মাকে মিস করেন তিনি। শুধু তাই নয়, তিনি বিশ্বাস করেন তাঁর মা এখনও সঙ্গে রয়েছেন। মায়ের অবর্তমানে তাঁর বাবাই তাঁকে সবসময় আগলে রাখেন। সেটা জন্মদিনের জমজমাট অনুষ্ঠান হোক কিংবা জামাইষষ্ঠীর মতো বিশেষ অনুষ্ঠান। বাবাই নিজের হাতে মেয়ে-জামাইকে রেঁধে খাওয়ান। রীতিমতো আচার-অনুষ্ঠান করে জামাইষষ্ঠী পালন করেন। সেই ছবি গত বছরই শেয়ার করেছিলেন ইমন। একইসঙ্গে ইমনের জীবনের সবকিছু জুড়ে নীলাঞ্জন। যেকোনও ওঠাপড়ায় কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই তাঁদের। নীলাঞ্জনের সঙ্গে ইমনের ছবিও খুব পছন্দ করেছেন ভক্তেরা।

ইমনের সাদা মার্সিডিজ যতটা মনে ধরেছে তাঁর ফ্যানেদের, তার থেকেও পছন্দ হয়েছে ইমনের পোশাক। দুধ সাদা গাড়ির সঙ্গে মানানসই সাদা কো-অর্ড পড়েছেন ইমন। প্রথম ছবিতে বাবাকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন, অন্যটিতে স্বামী নীলাঞ্জনের সঙ্গে ছবি তুলে পোস্ট দিতেও ভোলেননি।