
ঘাতক সেই ছুরি
শেষ আপডেট: 17 January 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নবাব সইফ আলি খানের বাড়িতে ঘটে গিয়েছে অভাবনীয় ঘটনা। জানা গেছে, এক হামলাকারী তার বাড়িতেই লুকিয়ে ছিলেন এবং প্রায় আধঘণ্টা ধরে তাণ্ডব চালান। এই ঘটনায় সইফের শরীর নিয়ে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিরদাঁড়ায় ছুরির আঘাতের খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ বাড়ে।
তবে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভাইরাল ফুটেজে দেখা গেছে, সইফ নিজেই তার বাড়ির সিঁড়ি দিয়ে নীচে নামছেন। এই ঘটনার পেছনের কারণ এবং বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ৩৩ ঘণ্টা পরে এক সন্দেহভাজনকে আটকও করেছে মুম্বই পুলিশ। বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ চলছে তাঁর। সিসিটিভি ফুটেজের সঙ্গে মিল রয়েছে বলেও জানা গিয়েছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছিল তাঁর শরীরে ছয়-ছয়বার ছুরির কোপ বসানো হয়েছে। তার মধ্যে দু'টি জখম বেশ গভীর। চিকিৎসকরাই অস্ত্রোপচার করে সইফের শরীর থেকে তা বের করেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিরদাঁড়ায় ২.৫ ইঞ্চির ছুরি গেঁথে ছিল, আর সেই কারণেই সেরিব্রোস্পাইনাল তরল বেরিয়েছিল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সেই ছুরি যদি শরীরে আরও ২ মিলিমিটার ঢুকলেই বড় বিপদ ঘটে যেতে পারত।
লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা আরও বলেন, ২.৫ ইঞ্চির ওই ছুরি যদি তাঁর মেরুদণ্ডের ২ মিলিমিটার গভীরে গেঁথে যেত, তাহলে সাংঘাতিক বিপদ ঘটে যেতে পারত। আপাতত আইসিইউ থেকে সইফকে বের করে জেনারেল বেডে দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অভিনেতার অবস্থা স্থিতিশীল।