শোনা গিয়েছিল, 'খাদান'-এর সাফল্যের পর দেবের বেশ কিছু প্রজেক্টে সঙ্গী হচ্ছেন ইধিকা। তবে সাম্প্রতিক খবর, 'প্রজাপতি ২'-এ নাকি কাজ করছেন না ইধিকা।

শেষ আপডেট: 3 June 2025 13:48
শুরুটা হয়েছিল ছোট পর্দা থেকেই। সেখানে আকাশছোঁয়া খ্যাতি না মিললেও প্রতিবেশী রাষ্ট্র যেন জীবনটাই বদলে দিয়েছে তাঁর। তিনি ইধিকা পাল,কিছু বছর আগেও যাকে দর্শক চিনতেন টুম্পা বলে। এ হেন ইধিকার হাতে এখন অফারের পর অফার। প্রথম সারির হিরোদের সঙ্গে কাজের সুযোগ।
শোনা গিয়েছিল, 'খাদান'-এর সাফল্যের পর দেবের বেশ কিছু প্রজেক্টে সঙ্গী হচ্ছেন ইধিকা। তবে সাম্প্রতিক খবর, 'প্রজাপতি ২'-এ নাকি কাজ করছেন না ইধিকা। তাঁর জায়গায় জায়গা পাচ্ছেন ছোটপর্দার আর এক চেনা মুখ। দেবের সঙ্গে এত ভাল সম্পর্ক, দর্শকদেরও পছন্দ হয়েছে তাঁদের জুটি, তা সত্ত্বেও কেন নেই ইধিকা? বিগত বেশ কিছু দিন ধরেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল টলিপাড়ার অন্দরে। এও শোনা যাচ্ছিল 'খাদান', 'রঘুডাকাত'- এর পর ইধিকার কাছে এই ছবির অফার গেলেও নেহাত 'ফুলদানি' অর্থাৎ 'বিউটি প্রপ' হতে আপত্তি থাকাতেই নাকি এই অফার সসম্মানে ফিরিয়েছেন ইধিকা। সত্যিই কি তাই? দ্য ওয়াল প্রশ্ন রেখেছিল তাঁর কাছেই।

তাঁর কাছে নাকি এই ছবির অফারই পৌঁছয়নি। তিনি বললেন, "জানি না এরকমটা কেন রটছে হঠাৎ! আমার কাছে তো প্রজাপতি ২-এর অফারই আসেনি। অফার পাওয়ার পর তো না/হ্যাঁ-র কথা উঠবে।" নায়িকা এমনটা দাবি করলেও টলিপাড়ার অনেকেই তা বিশ্বাস করতে রাজি নয়! দেব-ইধিকা জুটির ঝলক দেখা থেকে বঞ্চিত হওয়ায় মন খারাপ ভক্তদের একাংশেরও।
প্রশ্ন হল, ইধিকার যদি সত্যিই না করে দিয়ে থাকেন, তবে তাঁর জায়গায় আসছেন কে? জানা যাচ্ছে দেবের প্রযোজনা সংস্থা আবারও বেছে নিয়ে টলিপাড়ার এক চেনা মুখকে। তিনি টলিপাড়ার 'পেখম' ওরফে জ্যোতির্ময়ী কুণ্ডু। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুন্ডু, ইধিকা পালের পর দেব আবারও নায়িকা হিসেবে বেছে নিচ্ছেন ছোটপর্দার পরিচিত মুখকেই। এই বছরেই শেষেই মুক্তি পাওয়ার কথা রয়েছে 'প্রজাপতি ২'-এর। যদিও তা আদপে হবে কিনা তা নিয়ে সংশয় বেড়েছে।

তবে এ সবের মধ্যেই দেবভক্তদের জন্য খুশির খবর। এই পুজোয় আসছে 'রঘুডাকাত'। দেব-ইধিকা ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকারসহ একগুচ্ছ চেনামুখ রয়েছেন ছবিটিতে। অন্যদিকে স্বপ্নের মতো উত্থান নিয়ে তৈরি ইধিকাও। তাঁর হাতেও রয়েছে একগুচ্ছ কাজ।