
শেষ আপডেট: 3 March 2023 09:38
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখন বিয়ের মরশুম। একের পর এক তারকারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। সিদ্ধার্থ-কিয়ারা, স্বরা ভাস্কর বিয়ে করেছেন সম্প্রতি। সূত্রের খবর, এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন হৃতিক রোশন (Hrithik Roshan)। জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে তাঁর দীর্ঘদিনের বান্ধবী সাবা আজাদের (Saba Azad) সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন বলিউডের 'গ্রিক গড'।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন সাবা আজাদ আর হৃতিক রোশন। প্রথমদিকে বিষয়টি নিয়ে লুকোছাপা থাকলেও এখন আর রাখঢাক নেই। সম্প্রতি টুইটারে একটি টুইট (Tweet) ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে, দু'জনেই নিজেদের সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন।
বলিউড পরিচালক করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবার হৃতিক আর সাবা একসঙ্গে প্রকাশ্যে এনেছিলেন। এরপর কখনও পরিবারের সঙ্গে, আবার কখনও প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাঁর বর্তমান বয়ফ্রেন্ডের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়েছেন হৃতিক ও তাঁর বান্ধবী।
প্রসঙ্গত, বর্তমানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'ফাইটার' ছবির শ্যুটিং করছেন হৃতিক। এখনও মাসখানেক ধরে চলবে ছবির কাজ। সেসব মিটিয়েই একেবারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
কাশ্মীরে আলিয়া-রণবীরের মাখো মাখো প্রেম, ক্যামেরাবন্দি করলেন করণ জোহর