বলিউডের গ্রিক গড Hrithik Roshan, যাকে শেষবার দেখা গিয়েছিল ‘War 2’-এ, সম্প্রতি একেবারে অন্যরকম এক আড্ডায় ধরা দিলেন।

শেষ আপডেট: 26 March 2026 15:39
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গ্রিক গড Hrithik Roshan, যাকে শেষবার দেখা গিয়েছিল ‘War 2’-এ, সম্প্রতি একেবারে অন্যরকম এক আড্ডায় ধরা দিলেন। সঙ্গী হলেন হলিউড তারকা Ryan Gosling। আর সেই কথোপকথনেই উঠে এল এক মজার, খানিকটা অদ্ভুত প্রস্তাব—দু’জনে নাকি একসঙ্গে সময় কাটাবেন, সঙ্গে থাকবে তাদের সিনেমার ভিনগ্রহী চরিত্র ‘রকি’ আর ‘জাদু’!
এই আলাপচারিতা মূলত হয়েছিল রায়ানের নতুন ছবি ‘Project Hail Mary’-এর প্রচারের সময়। Andy Weir-এর একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিকে ঘিরে উচ্ছ্বাস লুকোননি হৃত্বিক। কথার ফাঁকে তিনি মজা করেই রায়ানকে বলেন, “তোমার কাছে আছে রকি, আমার কাছে জাদু। চল না, আমরা দু’জনে ব্যান্দ্রার চার্চগেটে আড্ডা দিই!”
সেখানেই থেমে থাকেননি তিনি। ভারতীয় দর্শকদের পক্ষ থেকে রায়ানকে স্বাগত জানিয়ে বলেন, “তোমার সব ভক্তদের তরফে নমস্কার। আমরা তোমার ছবির জন্য ভীষণভাবে অপেক্ষা করছি।” বইটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শোনান তিনি—“আমি বইটা পড়েছি, অসাধারণ লেগেছে। তারপর ট্রেলার দেখলাম। ইনস্টাগ্রামে লিখেছিলাম, এটা আমার জীবনে পড়া সেরা সাই-ফাই বই। আর ছবিটা যেন সেই মান বজায় রাখে—এই প্রত্যাশাও জানিয়েছিলাম। কোনও চাপ নেই অবশ্য!” সঙ্গে যোগ করেন, “রায়ান যেভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে, সেটা সত্যিই অবিশ্বাস্য।”
কথা ঘুরে যায় অভিনয়ের সূক্ষ্মতায়। হৃত্বিক বিশেষ করে একটি দৃশ্যের কথা তোলেন, যেখানে চরিত্রটিকে জোর করে মহাকাশে পাঠানো হচ্ছে, অথচ সে যেতে চাইছে না। “স্ক্রিপ্টে লেখা ছিল সে কেঁদে ফেলে। তখন আমি ভাবছিলাম, একজন অভিনেতা হিসেবে আমি হলে কী করতাম? সত্যিই কি কাঁদতাম, নাকি আবেগটা চেপে রাখতাম? সেই ‘সুইট স্পট’টা কোথায়—এই নিয়ে ভাবছিলাম। তুমি কীভাবে সেই দৃশ্যটা ধরলে?”—প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
রায়ানের উত্তর ছিল সোজাসাপটা, কিন্তু গভীর। “ওটা আমরা শুটিংয়ের একেবারে শেষে করেছি। পুরো ছবিটা বানাতে পাঁচ বছর লেগেছে। প্রায় একশো দিন আমাকে একাই ক্যামেরার সামনে থাকতে হয়েছে। আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন ছবিগুলোর মধ্যে এটা একটা, হয়তো সবচেয়ে কঠিনই। এই ছবিটা আমাকে ভীষণভাবে ক্লান্ত করে দিয়েছে।”
আরও যোগ করেন, “সেই দৃশ্যে আমি এমনিতেই ভেঙে পড়েছিলাম। তার ওপর আমি অভিনয় করছিলাম Sandra Huller-এর সঙ্গে, যিনি অসাধারণ অভিনেত্রী। ওর অভিনয়ে এত নিখাদ আবেগ ছিল, কোনও রুক্ষতা ছিল না—যে সেটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সেখানে আলাদা করে অভিনয় করতে হয়নি।”
একদিকে দুই তারকার আন্তরিক আলাপ, অন্যদিকে অভিনয়ের অন্তরালের সত্যি—সব মিলিয়ে এই কথোপকথন যেন এক অন্য মাত্রা ছুঁয়ে যায়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়—মজা করে বলা সেই কথা কি কোনওদিন সত্যি হবে? সত্যিই কি মুম্বইয়ের রাস্তায় দেখা মিলবে ‘জাদু’ আর ‘রকি’-র, নাকি সবটাই রয়ে যাবে কেবল কল্পনার পর্দাতেই?