
শেষ আপডেট: 5 February 2023 05:52
দ্য ওয়াল ব্যুরো: বড়পর্দায় 'পাঠান'-এর মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)। গত চারবছর তাঁকে সিনেমার পর্দায় দেখা যায়নি। তবে সেইসময় তাঁর একাধিক নতুন-পুরনো ইন্টারভিউ (Interviews) প্রকাশ্যে এসেছে। ডাইহার্ড শাহরুখ-ভক্তদের কাছে এই এক একটি সাক্ষাৎকারও যেন বেঁচে থাকার মৃত সঞ্জীবনী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেকথাই জানালেন সাংবাদিক শ্রুতি সোনাল।
শাহরুখের বুদ্ধিমত্তা, রসবোধের গল্প সকলেরই জানা। ঠিক তেমনভাবেই জীবনদর্শনের পাঠও একাধিক সাক্ষাৎকারে দিয়ে এসেছেন অভিনেতা। এক মহিলা (Woman) টুইটার ব্যবহারকারী এবং সাংবাদিক শ্রুতি সোনাল শুনিয়েছেন তেমনই এক গল্প। নিজের কাছের মানুষকে হারানোর শোক ভুলতে তিনি শুনেছিলেন শাহরুখের এক সাক্ষাৎকার, যেখানে অভিনেতা নিজের বাবা-মা'কে হারানোর কথা এবং সেই পরিস্থিতিতে বেঁচে থাকার গল্প সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। শ্রুতির দাবি, "শাহরুখের ইন্টারভিউ দেখেই আমি ওই দুঃসহ পরিস্থিতিতেও বেঁচে থাকার রসদ পেয়েছিলাম।"
শ্রুতি বলেন, "এবছর মে মাস এলে আমার মায়ের মৃত্যুর দু'বছর পূর্ণ হবে। এখনও মনে হয় এসবই তো গতকালের ঘটনা। কিন্তু তা নয়। গত কয়েকমাস ধরে আমি পাগলের মতো নিজেকে একটাই প্রশ্ন করেছি যে, আমি কী করব? মা'র প্রতি আমার এত ভালবাসা, সেসব ভুলে কীভাবে বাঁচব? এমন সময় আমি শাহরুখের এক সাক্ষাৎকারের ভিডিও দেখতে পাই, যেখানে তিনি নিজের বাবা-মা'কে হারানোর পরের সময়ের কথা বলেছেন, সেই দুঃখ ভুলে এগিয়ে যাওয়ার কথা বলেছেন।"
এরপর শ্রুতি আরও বলেন, "ওঁর ওই সাক্ষাৎকার আমার জীবনে ম্যাজিকের মতো কাজ করেছিল। আমি সত্যিই মায়ের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পেরেছি। মনে হয়েছিল, শাহরুখ খান যদি বাবা-মা'কে হারানোর পর একদম অনাথ হয়ে বলিউডের বাদশা হতে পারে, সেখানে আমিও নিজের জীবনে এগিয়ে যেতে পারব।"
‘পাঠান’-এর বক্স অফিস কালেকশন ভুয়ো? টুইটারে হিসাব দিয়ে নিন্দুককে চুপ করালেন শাহরুখ