
আব্রাম খান
শেষ আপডেট: 19 April 2025 23:03
দ্য ওয়াল ব্যুরো: ছোট থেকেই সংবাদমাধ্যমের নজরবন্দি তিনি। কখনও খেলার মাঠে, কখনও বা বাবার সঙ্গে শুটিং সেটে—সর্বত্রই উপস্থিত সেই চেনা মুখ। বলিউড অভিনেতা শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান, যিনি ‘মিনি শাহরুখ’ বলেই অধিক পরিচিত, বর্তমানে লেখাপড়া নিয়েই ব্যস্ত।
সূত্রের খবর, মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে আব্রাহম। ওই স্কুলে মাসিক ফি প্রায় ১.৭ লক্ষ টাকা। ফলে বছরে শুধু স্কুলের খরচ বাবদ শাহরুখের খরচ পড়ে প্রায় ২৫ লক্ষ টাকারও বেশি। তবে এখানেই শেষ নয়। আব্রামের গ্রুমিং, ফ্যাশন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়েও খরচ হয় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ।
২০১৩ সালে জন্ম হয় আব্রামের। বোন সুহানার থেকে ১৩ বছরের ছোট সে। পরিবারে সবচেয়ে কনিষ্ঠ সদস্য হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সবার নজর তার দিকেই। মা গৌরী খান থেকে শুরু করে ভাই আরিয়ান কিংবা দিদি সুহানা—আব্রাহমকে ঘিরে পরিবারের সবারই রয়েছে আলাদা স্নেহ।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, বর্তমানে লাইমলাইট থেকে অনেকটাই দূরে এই স্টারকিড। পারিবারিক কোনও অনুষ্ঠান বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট—কোনও কিছুতেই এখন নিজেকে জড়ান না তিনি। শাহরুখ খানও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে তিনি বরাবরই অত্যন্ত সচেতন। আব্রামের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।