
হানি সিং
শেষ আপডেট: 29 December 2024 20:33
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে যায় হানি সিং। তৎকালীন স্ত্রী শালিনী তালওয়ার হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। জল গড়িয়েছিল থানা পর্যন্ত। যদিও গত বছর ১ কোটি টাকা খোরপোশের বিনিময়ে হানির থেকে সম্পর্ক ছিন্ন করেন শালিনী।
এরপর কেটেছে বেশ কিছুটা সময়। নিজের জীবনেও এগিয়ে গিয়েছেন হানি সিং। জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ভারতীয় মহিলাদের ডেট করা নিয়ে বেজায় আপত্তি রয়েছে তাঁর। নেপথ্যের কারণও জানিয়েছেন হানি।
তাঁর কথায়, "আমি একজন ভারতীয় সেলিব্রিটি। ভারতীয় মহিলারা আমাকে চেনেন। আমি কী রকম মানুষ সে সম্পর্কে ধারণা আগে থেকেই তৈরি হয়ে গিয়েছে তাঁর। তাই সে আমার সেলিব্রিটি স্টেটাসটাকে ভালবাসছে নাকি আমি মানুষটাকে ভালবাসছে তা কিন্তু বোঝা মুশকিল।"
হানি এও জানান, এই মুহূর্তে সম্পর্কেও আছেন তিনি। তবে তাঁর প্রেমিকা ভারতীয় নন। নিজের বহুগামিতার কথাও সেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন হানি। তিনি বলেন, "তাঁদের আমি আমার আসল নাম বলি না। বলি আমার নাম মাহির। আমার সহকারী শুভম তাঁদের ফ্লাইট টিকিট বুক করার আগে জিজ্ঞাসা করে, 'ঠিক কোন মহিলার জন্য বুক করার কথা বলছেন স্যর। ফেরার টিকিটটাও কি তাঁর নামেই কাটব? নাকি তাঁর জায়গায় অন্য কোনও নারীর নাম থাকবে?"
হানির এই স্বীকারোক্তি কিন্তু মোটেও ভালভাবে নেননি নেটিজেনদের একটা বড় অংশ। তাঁরা প্রশ্ন তুলেছেন, 'সম্পর্কে থাকাকালীন আরও নারীর সঙ্গে অবাধ মেলামেশা আদপে কি উচিৎ?'