
শেষ আপডেট: 3 May 2022 08:36
দ্য ওয়াল ব্যুরো: ‘কুমকুম’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কিউ কি সাঁস ভি কাভি বহু থি’… বাঙালির ঘরে ঘরে একটা সময় ছিল হিন্দি সিরিয়ালের (Hindi Serials) রমরমা। শুধু বাঙালি কেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী, দেশের সর্বত্র সন্ধে নামলেই সিরিয়াল দেখার ধুম পড়ে যেত। ছবিটা আজও তেমন বদলায়নি। বদলেছে শুধু সিরিয়ালের নাম। আজও সূর্য ডোবার পরপর দুপুরের আলস্য কাটিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে টিভির সামনে বসে পড়েন এদেশের হাজারো মানুষ। পছন্দের সিরিয়ালে চোখ রেখে ডুবে যান পর্দার সেই বানানো জগতে।

আরও পড়ুন: কালো কোট পরে পাগলের মতো ছুটছেন আলিয়া! দিল্লির এয়ারপোর্টে হঠাৎ হইচই
টিআরপি-র বিচারে এদেশে এখন রমরমিয়ে চলছে দুটো হিন্দি সিরিয়াল (Hindi Serials)। ‘অনুপমা’ (Anupama) আর ‘নাগিন ৬’ (Naagin 6)। দুটো সম্পূর্ণ ভিন্ন ঘরানার ধারাবাহিক। একটার সঙ্গে অন্যটার দূর-দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্কই নেই। অথচ এই দুই সিরিয়ালেই মজেছেন দেশের মানুষ। প্রতিদিন সন্ধের এই ছবিটা দেশের অন্দরমহলের ভাবমূর্তিকে তুলে ধরে, সন্দেহ নেই।

বস্তুত ‘অনুপমা’ সিরিয়ালটিকে ‘কুমকুম’, ‘কাহানি ঘর ঘর কি’র আদর্শ উত্তরসূরি বলা যায়। জনপ্রিয় এই টেলিভিশন শো’টি একটি ততোধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকের রিমেক। ইন্দ্রাণী হালদার অভিনীত ‘শ্রীময়ী’র নাম শোনেনি এমন বাঙালি পাওয়া মুশকিল। সিরিয়ালের থেকে যাঁরা দশ হাত দূরে থাকেন তাঁরাও শ্রীময়ীকে চেনেন। বাংলায় এমন সাফল্য পাওয়ার পর মুম্বইতেও এই ধারাবাহিক নতুন করে তৈরি হয়। স্টার প্লাসের টিআরপি হুহু করে বাড়িয়ে দিয়েছে ‘অনুপমা’।

বলতে গেলে ‘অনুপমা’য় নতুন কিছুই নেই। সেই বিয়ে, সংসার আর সংসার ভাঙার বস্তাপচা গল্প। তাতেই বাজিমাত। তবে কুমকুম, তুলসী কিংবা অক্ষরাদের থেকে অনুপার চরিত্র অনেকবেশি সূক্ষ্ম। স্বামীর ঘর করতে না পেরে অনুপমা বিবাহবিচ্ছেদ চেয়েছে বিয়ের ২০ বছর পর। তারপর নিজের সেই ‘ডিভোর্সী’ জীবনটাকে সাজিয়ে নিয়েছে নতুন করে (Hindi Serials)। নিজের চেষ্টায় দাঁড় করিয়েছে স্বতন্ত্র নাচের অ্যাকাডেমি। একইসঙ্গে মা, পূত্রবধূ, বন্ধু একাধিক ভূমিকা সে পালন করে চলে রোজ। তাঁর এই জীবনযুদ্ধ রোজ ছোটপর্দায় গোগ্রাসে গেলেন দর্শকরা।
আরও পড়ুন: রোগ ধরবে সুপারপাওয়ার লেন্স, ফিট করা থাকবে ফোনেই

অনুপমার চরিত্রে রয়েছে টিপিক্যাল আদর্শ ভারতীয় নারীর ছাপ। যে নারী আত্মত্যাগী, পরিবারকেন্দ্রিক। পুরুষতান্ত্রিক সমাজ যে নারীকে আদর্শ মনে করে, অনুপমায় এক্কেবারে সেই মূর্তিমান।

অন্যদিকে ‘নাগিন’ (Naagin 6) এসব পারিবারিক কেচ্ছা-কেলেঙ্কারি, জটিলতা থেকে অনেকটা দূরে (Hindi Serials)। ‘নাগিন’ সিরিয়ালের ৬ নম্বর সিক্যুয়েল চলছে এখন। এই ধারাবাহিকের আদ্যোপান্ত জুড়ে রয়েছে জাতীয়তাবাদী মনোভাব। সেই মনোভাব থেকেই সিরিয়ালটি তৈরি করা হয়েছে। বিজ্ঞানের ধার ধারে না ‘নাগিন’-এর গল্প। ‘শেশ নাগ’ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। ধারাবাহিকের শুরুতেই তাঁকে ডেকে এনেছেন এক অধ্যাপক, আর সেই শেশ নাগের উপর ভার রয়েছে দেশকে বাঁচানোর। কাল্পনিক প্রতিবেশী দেশ ‘চিঙ্গিস্তান’-এর আক্রমণ, ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে বাঁচানোই নাগিনের লক্ষ্য।

রোজকার একঘেয়ে জীবনে যাঁরা একটু অতিমানবিক বিনোদন খুঁজতে চান, যুক্তির ধার ধারে না এমন কিছু দেখে কিছুক্ষণের জন্য ভুলে থাকতে চান বাস্তবকে, তাঁরা এই সিরিয়াল দেখেন। টিআরপির বিচারে এটাও কম কিছু নয়। কালার্স টিভিতে রোজ এই সিরিয়ালের পর্দায় চোখ রাখেন অজস্র বাস্তব ভুলতে চাওয়া মানুষ। তবে এই ধারাবাহিকের জাতীয়তাবাদী উদ্দেশ্য চোখ এড়ায় না। একদিকে বাস্তবঘেঁষা, সমাজের সঙ্গে যুঝতে চাওয়া নারীর সংগ্রাম, আর অন্যদিকে বিজ্ঞানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া অবাস্তব কল্পকাহিনি- ভারতের বাজারে এই দুইই পাবলিক খাচ্ছে।

একুশ শতকের তৃতীয় দশক শুরু হয়েছে, দেশ কতটা এগোল? সিরিয়ালের পর্দায় অগ্রগতির কোনও প্রতিফলন চোখে পড়ে না। বরং ধারাবাহিকভাবে এই ধারাবাহিক আর তার দর্শকেরা যেন আরও পিছিয়ে যাচ্ছেন।