
হিনা খান
শেষ আপডেট: 1 July 2024 17:33
দ্য ওয়াল ব্যুরো: স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান। লড়াই করছেন শারীরিক কষ্টের সঙ্গে। কিন্তু এই লড়াইয়ে তাঁর অন্যতম অস্ত্র, মানসিক শক্তি। সেই শক্তির বশেই মারণরোগের চোখে চোখ রেখে যুদ্ধ করছেন তিনি। বলছেন, 'দাগ থাকতে পারে, ভয় নয়।'
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সিরিয়াল থেকে রিয়েলিটি শো, সবেতেই দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শক মহলে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিনা। তাঁর জীবনের খুঁটিনাটি বিষয় বরাবরই সমাজ মাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে বেশ কয়েকদিন আগে হিনার হাসপাতালে শুয়ে থাকার ছবি দেখা যায়। আর তখন থেকেই অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেসময় জানা গিয়েছিল, রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
তার পরে নিজেই দুঃসংবাদ দেন হিনা। সোশ্যাল মিডিয়ায় জানান ক্যানসারের কথা। লেখেন, 'যাঁরা আমাকে ভালোবাসেন, আমার জন্য উদ্বিগ্ন তাঁদের বলছি, আমি স্তন ক্যানসারে আক্রান্ত। তৃতীয় পর্যায়ে রয়েছে ক্যানসার। ...আমি এবং আমার পরিবারের সকলেই পজিটিভ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, এই যুদ্ধে আমি জিতবই। আমার জন্য প্রার্থনা করবেন।'
এর পরে আজ, সোমবার হিনা আরও একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যানসার-যোদ্ধাদের উদ্দেশে বার্তা দেন লড়াইয়ের। তাঁদের সাহসকে কুর্নিশ জানান।
এদিন তাঁর পোস্টে লেখেন, 'এটা আমার যাত্রাপথেরই একটা অংশ। আমার এই পোস্ট সেই সব সাহসী এবং লড়াকু মানুষদের জন্য, যাঁরা এই লড়াইটা লড়ছেন। আমি চাই, আমার জার্নি যেন ওঁদেরও অনুপ্রেরণা জোগায় এবং ওঁদের লড়াইয়ের গল্পগুলোয় একটা করে নতুন পাতা যোগ করতে পারে। আর মনে রাখবেন, আমাদের শরীরে হয়তো দাগ থাকবে কিন্তু আমরা ভয় পাব না। এই কঠিন সময় ঠিক পেরিয়ে যাবে।'

এই পোস্টটি করার পরs অনেকেই তাঁকে ভালবাসা জানিয়েছেন। এবং সাপোর্ট করেছেন। 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্য়ায়' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান হিনা। টেলি দর্শকদের কাছে আজও তিনি 'অকসরা' নামেই বেশি পরিচিত। এর আগে এক চিকিৎসকের পোস্টে হিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। যদিও হিনার ঠিক কী ধরনের ক্যানসার হয়েছে, তা জানাননি ওই চিকিৎসক। সেসময় খবর রটে, অভিনেত্রী থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। তবে সেই ভুল গুঞ্জন থামাতেই তাঁর ঠিক কী হয়েছে সেকথা স্পষ্ট জানালেন অভিনেত্রী।