এবার লক্ষ্য ঢাকা ১৭ আসন। আগেরবার বগুড়া কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি। তবে এবার অন্য হিসেব, অন্য এলাকায় নিজের পরীক্ষায় নামছেন।

শেষ আপডেট: 4 November 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সাধারণ নির্বাচন আগামী বছর। আর ঠিক এই সময় ফের ভোটে দাঁড়াবেন সোশ্যাল মিডিয়ার বিতর্কিত স্টার হিরো আলম। মডেল, গায়ক,অভিনেতা—সবেতেই তিনি রয়েছেন। লাইমলাইট যেমন পেয়েছেন, তেমনই কটাক্ষ, মিম, সমালোচনার মাঝেও আছেন সবসময়। ভোটে একাধিকবার দাঁড়িয়েছেন, তাতেও রেকর্ড কম ভোট পেয়েছেন তিনি। কিন্তু হাল ছাড়ার মানুষই নন হিরো আলম। আবারও ঘোষণা করলেন—নির্বাচনে প্রার্থী হবেন।
এবার লক্ষ্য ঢাকা ১৭ আসন। আগেরবার বগুড়া কেন্দ্র থেকে লড়াই করেছিলেন তিনি। তবে এবার অন্য হিসেব, অন্য এলাকায় নিজের পরীক্ষায় নামছেন। কোন দলের হয়ে লড়বেন? সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছুই জানাননি। তবে প্রকাশ্যেই বলেছেন—দলগুলির সঙ্গে 'দর কষাকষি' চলছে। শর্ত মিললে কোনও দলে যোগ দিতেও পারেন, না হলে স্বতন্ত্রভাবেই প্রার্থী হবেন।

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পর এখন ইউনুসের বাংলাদেশ স্থায়ী সরকার গঠনের দিকে পা বাড়াচ্ছে। আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ায় তারা ভোটে দাঁড়াতে পারছে না। অন্যদিকে বিএনপি তাদের তালিকা প্রকাশ করে ফেলেছে। খালেদা জিয়া তিনটি আসনে লড়বেন। নির্বাসন কাটিয়ে ফের ভোটে নামছেন ছেলে তারেক রহমানও।
এই পরিস্থিতিতেই মাঠে নামছেন হিরো আলম। তাঁর কথায়, "নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা সবার প্রত্যাশা। আমিও তাই চাই।"
এবার কত ভোট পাবেন তিনি? তা নিয়ে সন্দিহান হিরো নিজেও। যদিও তাঁর কথায়, "আমি ১০০ ভোট পেলেও কোনও সমস্যা নাই। নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক। মানুষ উৎসব করে ভোট দিতে আসুক।’’