
শেষ আপডেট: 10 July 2023 08:27
ভারতীয় চলচ্চিত্রের 'ড্রিম গার্ল' তিনি, বলিউডের অন্যতম প্রতিভাময়ী নায়িকা। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। 'সীতা অউর গীতা', 'শোলে', 'ড্রিম গার্ল', 'সাত্তে পে সাত্তা'-- আরও কত ছবি। তিনি হলেন স্বপ্নসুন্দরী হেমা মালিনী (Hema Malini)। তিনি শুধু নায়িকাই নন, তিনি মা দুর্গা,মা কালী নানা রূপে হাজির হয়েছেন দর্শকদের সামনে। মঞ্চে নৃত্যের মাধ্যমে দেবী রূপে ডান্সার হেমা মালিনী ঝড় তুলেছেন গ্যালারিতে।
এই হেমা মালিনীকেই অভিনেতা-নির্মাতা রাজ কাপুর তাঁর 'সত্যম শিবম সুন্দরম' (Satyam Shivam Sundaram) ছবির নায়িকা হওয়ার প্রথম অফার দিয়েছিলেন। সেই সাহসী রোলে জিনাত আমন আজও আইকনিক হলেও, অনেকেই জানেন না, রাজের প্রথম পছন্দ ছিল হেমাই।

ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবথেকে সাহসী ছবির তালিকায় চিরকাল থেকেছে রাজ কাপুরের 'সত্যম শিবম সুন্দরম'। এই ছবিতে নায়িকাকে রীতিমতো যৌনতার দেবী করে উপস্থাপন করেছিলেন রাজ। সাতের দশকের সবথেকে আলোচিত অ্যাডাল্ট ছবি ছিল 'সত্যম শিবম সুন্দরম'। নায়িকা চরিত্রটি প্রায়ই ঘোমটা দিয়ে তাঁর মুখ আড়াল করে রাখত। এদিকে নীতে তাঁর প্রায় অনাবৃত শরীর! এই রহস্যে মোড়া আদিমতাই হয়ে উঠেছিল নায়কের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
আসলে, নায়িকার মুখ ছিল বিকৃত। দুর্ঘটনার শিকার ছিল সে। তাই মুখ ঢেকেই চলত সে। কিন্তু মুখ দেখার পর নায়ক কি তাঁর স্বপ্নের দেবীকে গ্রহণ করেন? এই নিয়েই জিনাত আমন আর শশী কাপুরের কালজয়ী ছবি। জিনাতের সেক্স অ্যাপিলের সঙ্গে লতা মঙ্গেশকরের কোকিলকণ্ঠের গান ছবির মাদকতা দ্বিগুণ করে দেয়।
কিন্তু এই কালজয়ী ছবির অফার প্রথমে পেলেও, তা হেমা মালিনীর কাছে 'কুপ্রস্তাব' ছিল! হেমা মালিনী এই নিয়ে নিজেই বলেছিলেন পরে, 'আমি রাজ কাপুরের কুপ্রস্তাবের কাছে কম্প্রোমাইজ করিনি।'

হেমা মালিনী একটি সাক্ষাৎকারে জানান, 'রাজ কাপুর জানতেন আমার যা ইমেজ তার সঙ্গে 'সত্যম শিবম সুন্দরম' ছবির চরিত্র যায় না। তবু তিনি চ্যালেঞ্জ নিয়ে আমার বাড়ি এসে অফার দেন। কিন্তু আমি ফিরিয়ে দিই এই প্রস্তাব। উনি যা করতে বলেছিলেন, তা আমার আত্মসম্মানে লেগেছিল।'

হেমা আরও জানান, যখন রাজ কাপুরের সঙ্গে হেমা কথা বলছিলেন, তখন হেমার পাশে বসেছিলেন হেমার মা জয়া চক্রবর্তী। জয়া মাথা নাড়িয়ে হেমাকে চোখের ইশারা করে বলেছিলেন এই ছবিতে না করে দিতে।

কিন্তু রাজ কাপুরের কোন কথা হেমার আত্মসম্মানে লেগেছিল? যার জন্য হেমা রেগে যান?
হেমা মালিনী বলেন, 'রাজ কাপুর এমন দৃশ্য শ্যুট করতে চেয়েছিলেন, যেখানে আমি আমার শাড়ির পিন খুলে দেব। আমি রাজ সাবকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে আমার শাড়ির আঁচল কী বুকের থেকে নীচে ফেলে দিতে হবে? রাজ কাপুর বলেছিলেন, হ্যাঁ ঠিক তাই। এটাই আমি চাইছি।'

হেমা মালিনীর কাছে হয়তো রাজ কাপুরের এই প্রস্তাব অশ্লীল লেগেছিল। তবে হেমা যদি 'সত্যম শিবম সুন্দরম' এর চরিত্রটি করতেন তবে তাঁর ইমেজ তিনি নিজেই ভাঙতে পারতেন। ছবির চরিত্রটি চিত্রনাট্যে ওরকমই বোল্ড ছিল। সেটা হেমা মালিনী করতে চাননি তাঁর ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়ে।

তবে রাজ কাপুরও যে নায়িকাদের প্রতি দুর্বল ছিলেন, এ কথাও পুরোপুরি মিথ্যে নয়। সুচিত্রা সেনও যে কারণে রাজ কাপুরের আরও একটি ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। সেটাই হয়তো হেমার ক্ষেত্রেও ঘটেছিল!
আসলে, সব নায়িকারই নির্দিষ্ট দর্শকবৃত্ত থাকে। মা দুর্গা হেমাকে যৌন দেবী হিসেবে দেখলে হয়তো দর্শকরাই নিতেই না এ ছবিতে। হয়তো জিনাত আমনের জন্যই বাঁধা ছিল এই আইকনিক চরিত্র! তাই তো জিনাত আমন ছাড়া আজ যেন 'সত্যম শিবম সুন্দরম' ভাবাও যায় না!
সঞ্জীব কুমারকে 'মোটু' বলে ডাকতেন সুচিত্রা, মুনমুনকে বিয়েতে সম্প্রদান করেছিলেন তিনিই