
শেষ আপডেট: 14 April 2023 07:00
দ্য ওয়াল ব্যুরো: কোন উৎসব কোন রাজ্যের এসব গুলিয়ে ফেলা সেলিব্রিটি, রাজনীতিকদের নতুন নয়। মাঝেমধ্যেই এসব হয়। আর তা নিয়ে ট্রোলের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী (Hema Malini)।
একটি টুইটে তিনি বিভিন্ন রাজ্যের নববর্ষ উৎসবের নাম লিখেছেন। তাতে ছবির কোলাজও রয়েছে। সেখানে বিহুকে (Bihu) বিহারের উৎসব বলে উল্লেখ করেছেন হেমা।
তারপরেই হইহই শুরু হয়। কেউ লেখেন, 'আপনার কি অসমের প্রতি বিদ্বেষ রয়েছে?' কেউ আবার তাতে লেখেন, 'এটা কি নতুন সিলেবাসে পড়ানো হবে?'
খানিকক্ষণ পরেই হেমা মালিনী বুঝতে পারেন, তাঁকে উদ্দেশ করে ধেয়ে আসছে চোখা চোখা বিদ্রুপ। তারপর দুঃখপ্রকাশ করে পৃথক একটি টুইট করেন হেমা মালিনী। সেখানে লেখেন, "বিহু অসমের ঐতিহ্যের উৎসব। আমি ভুলবশত বিহার লিখেছিলাম। আমি তার জন্য দুঃখপ্রকাশ করছি।"
বিহু অসমের মানুষের কাছে আবেগের উৎসব। কর্ম বা শিক্ষা সূত্রে থাকা মানুষও বিহুর টানে ঘরে ফেরেন। এক মাসের বেশি সময় ধরে চলে প্রস্তুতি। শুধু উপাচার নয়। সাংস্কৃতিক পরিমণ্ডলও অন্যরকম হয় বিহুকে কেন্দ্র করে। তা নিয়েই বিভ্রাট ঘটালেন হেমা মালিনী।
এই ক'দিন আগেই হেমা মালিনী অটো চড়ে তাঁর বাড়ি ফিরেছিলেন। রাস্তায় এতো যানজট যে গাড়ি রেখে দহিসার থেকে মেট্রো ও অটোতে বাড়ি ফেরেন হেমা। সোশাল মিডিয়ায় তা নিয়ে কত ধন্য ধন্য হল। সংক্রান্তিতে সে সব আবার ঘেঁটে গেল!
অনেকের মতে, সোশাল মিডিয়ায় সবই ক্ষণস্থায়ী। এই ভাল এই খারাপ। সবটাই রৌদ্রছায়ার মতো।
হেমা মালিনী অটো, মেট্রোয় চেপে বাড়ি ফিরলেন, সুচিত্রা সেন হলে পারতেন?