গুজবের সূত্রপাত একটি সোশ্যাল মিডিয়া পেজের পোস্ট ঘিরে। সেখানে দাবি করা হয়, গুরুতর অসুস্থ তিনি। তাঁকে চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। বনশালির মতো বর্ষীয়ান পরিচালকের অসুস্থতার খবর মুহূর্তে সকলের নজর কাড়ে।

শেষ আপডেট: 25 February 2026 17:23
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম কিংবদন্তি পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) ২৪ ফেব্রুয়ারি পা দিলেন ৬৩ বছরে। জন্মদিনের আনন্দের মাঝেই আচমকা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর অসুস্থতার খবর। সকাল থেকেই শুরু হয় গুঞ্জন, হৃদরোগে আক্রান্ত হয়ে নাকি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে, উদ্বেগ বাড়ে অনুরাগী ও ইন্ডাস্ট্রির অন্দরে।
গুজবের সূত্রপাত একটি সোশ্যাল মিডিয়া পেজের পোস্ট ঘিরে। সেখানে দাবি করা হয়, গুরুতর অসুস্থ তিনি। তাঁকে চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। বনশালির মতো বর্ষীয়ান পরিচালকের অসুস্থতার খবর মুহূর্তে সকলের নজর কাড়ে।
তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হয়। বনশালি প্রোডাকশনের তরফে জানানো হয়, পরিচালকের অসুস্থতার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁদের বক্তব্য, “এই খবরের কোনও সত্যতা নেই। যাচাই না করে এমন সংবেদনশীল তথ্য ছড়ানো উচিত নয়।” টিমের দাবি, তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিক কাজকর্মেই ব্যস্ত।
এদিকে একশ্রেণির মত, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। যদিও সেটিকে ঘিরে অতিরঞ্জিত জল্পনাই পরবর্তীতে বড় আকার নেয়। যা ঘিরে শুরু হয় প্রবল আলোচনা।
তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে মেলে সবচেয়ে স্বস্তির খবর—জন্মদিনের আগের রাত পর্যন্ত বনশালিকে দেখা গিয়েছে তাঁর নতুন ছবি লাভ এন্ড ওয়ার Love & War-এর শুটিং সেটে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই ছবির কাজ নিয়েই তিনি ব্যস্ত। ফলে স্পষ্ট, অসুস্থতার খবরটি ছিল নিছকই ডিজিটাল গুজব। তা বর্তমানে থামিয়ে দেওয়া সম্ভবপর হয়েছে পরিচালকের টিমের দেওয়া একটি বার্তায়।