
শেষ আপডেট: 16 April 2023 11:28
দ্য ওয়াল ব্যুরো: পরপর তিনটি ছবি ফ্লপ। কেরিয়ারে হয়তো সবথেকে কঠিন সময় পার করছেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে 'এইট্টি থ্রি', 'জয়েশভাই জোরদার', 'সার্কাস'। তিনটেই আলাদা আলাদা ঘরানার। প্রথমটি ভারতের প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে, দ্বিতীয়টি সামাজিক সমস্যা এবং শেষের ছবিটি স্ল্যাপস্টিক কমেডি। ভিন্নধারার ছবি হলেও একটিও চলেনি বক্স অফিসে। এরমধ্যেই খবর, এবার যশ রাজ ফিল্মসের (YRF) সঙ্গেও সম্পর্ক ভাঙতে চলেছে অভিনেতার।
২০১০ সালে এই প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিউডে ডেবিউ হয়েছিল রণবীরের। প্রসঙ্গত, তিনিই এখনও অবধি একমাত্র নায়ক যাঁর পথচলা শুরু যশ রাজের মাধ্যমে। তাই দু'পক্ষের সম্পর্ক কতটা গভীর, তা বলার অপেক্ষা রাখে না। এবার নাকি সেই পুরনো সম্পর্কতেই আপাতত ছেদ পড়তে চলেছে। জানা গিয়েছে, যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া নাকি এইমুহূর্তে রণবীরের সঙ্গে কাজ করতে আগ্রহী নন।
ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত, তা জানা না গেলেও সূত্রের খবর, অভিনেতার একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণেই রণবীরের উপর আর ভরসা রাখতে পারছেন না ছবি নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবিতে তাঁকে রাখতে কিছুটা ইতস্তত করছেন প্রযোজক এবং পরিচালকরাও। তাই রণবীরের একের পর এক ফ্লপ ছবির জেরে তাঁর সঙ্গে কাজ করতে আপত্তি জানিয়েছে যশ রাজ।
গানে নারীবিদ্বেষী কথা কেন? তথ্যচিত্রের প্রচারে এসে বিতর্কিত প্রশ্নের মুখে হানি সিং, জবাবে কী বললেন