.jpg)
টিআরপিতে কে এগিয়ে?
শেষ আপডেট: 20 March 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকায় রাজত্ব ছিল জি বাংলার। প্রথম, দ্বিতীয় তৃতীয় তো বটেই কোনও কোনও সপ্তাহে প্রথম পাঁচেও জায়গা হত না স্টার জলসার। কিন্তু টিআরপি বড়ই অদ্ভুত। এখানে আজ যে রাজা, কাল সেই ফকির। আবার বিষয়ক্ষেত্রে দেখা যায় উল্টোটাও।
এই যেমন এই সপ্তাহে। বিগত বেশ কিছু সপ্তাহের মতো এই সপ্তাহতেও প্রথম পরিণীতা। তবে দ্বিতীয় স্থানে 'ফুলকি', 'জগদ্ধাত্রী'কে সরিয়ে গ্র্যান্ড এন্ট্রি নিল 'রাঙামতী তীরন্দাজ'। শুধু কি তাই? এই দুই ধারাবাহিকের মধ্যে ফারাক মাত্র পয়েন্ট একের। 'পরিণীতা' এই সপ্তাহে পেয়েছে ৬.৮। অন্যদিকে দ্বিতীয় স্থানে 'রাঙামতী তীরন্দাজ' পেয়েছে ৬.৭।
এই সপ্তাহে প্রথম তিনেই নেই 'ফুলকি'। তৃতীয় স্থানে এই সপ্তাহে জায়গা করে নিয়েছে 'জগদ্ধাত্রী'। এখানেও হাড্ডাহাড্ডি টক্কর। ধারাবাহিকটি পেয়েছে ৬.৬। অন্যদিকে যে ধারাবাহিক চমকে দিয়েছে তা হল পরশুরাম আজকের নায়ক। তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুর নতুন ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েই জায়গা করে নিয়েছে চার নম্বরে। পেয়েছে ৬.৪। ওই একই নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে 'কথা' ধারাবাহিকও।
এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে 'গীতা এলএলবি'। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। সদ্য শুরু হয়েছে দিতিপ্রিয়া রায় ও জিতু কামালের নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। ওই ধারাবাহিকটি এই সপ্তাহে পেয়েছে ৫.৯। হাড্ডাহাড্ডি টক্কর ধারাবাহিকগুলির মধ্যে। আগামী সপ্তাহে কী হয়, সেদিকে নজর থাকবে সকলের।