
শেষ আপডেট: 10 November 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা গোবিন্দা। স্ত্রী সুনীতার সঙ্গে এখনও তাঁর দাম্পত্য সম্পর্ক অটুট। সম্প্রতি এক দিওয়ালি পার্টিতেও যুগলকে দেখা গিয়েছে। তবে সেখানে হাজির ছিলেন গোবিন্দার ‘দ্বিতীয় স্ত্রী’ও। তাঁর সঙ্গেও ছবি পোস্ট করে সম্পর্কের কথা জানিয়েছেন অভিনেতা।
সেই ‘দ্বিতীয় স্ত্রী’-র সঙ্গে গোবিন্দার সম্পর্ক নতুন না। বহু বছরের। তবে সেই সম্পর্ক একেবারেই সিনেমাকেন্দ্রিক। ছবিতে নায়ক-নায়িকা জুটির মতো নায়ক-পরিচালক জুটিও দর্শকরা বেশ পছন্দ করেন। সলমন খান-সূরয বরজাতিয়া, শাহরুখ খান-যশ চোপড়ার মতো গোবিন্দারও রয়েছেন এমন এক পরিচালক।
সেই পরিচালকের নাম ডেভিড ধাওয়ান। এই অভিনেতা-পরিচালক জুটি একসঙ্গে একাধিক ছবি করেছেন আট ও নয়ের দশকে। ‘আঁখে’, ‘বিবি নম্বর ওয়ান’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘বানারসী বাবু’—তালিকা সহজে শেষ করা যাবে না। আর এই জুটিকে সেসময় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা।
View this post on Instagram
অফস্ক্রিনে গোবিন্দার যেমন সুনীতার সঙ্গে সুখী দাম্পত্য জীবন, ঠিক তেমনই অনস্ক্রিনে ডেভিডের সঙ্গে তাঁর কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। একটা সময় ডেভিড-গোবিন্দার ছবি মানেই হাউসফুল বোর্ড ঝুলত সিনেমাহলের বাইরে। বর্তমানে দু’জনেই কাজের সংখ্যা কমিয়ে দিলেও তাঁদের জুটিকে মনে রেখেছেন সবাই।
সেই কথাই যেন ফের প্রমাণ হল গোবিন্দার পোস্ট করা ছবিতে। বৃহস্পতিবার একটি দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন দু’জনেই। আর সেখানে ডেভিডের সঙ্গে তাঁর তোলা একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে অভিনেতা লিখেছেন, “আট-নয়ের দশকে আমার দু’জন স্ত্রী ছিলেন। একজন সুনীতা, আর একজন ডেভিড।”
View this post on Instagram
পার্টিতে গোবিন্দার পরনে ছিল কালো রঙের জামা ও মাল্টিকালার্ড স্টোল। অভিনেতা জানিয়েছেন, এই পোশাক পছন্দ করে দিয়েছেন তাঁর স্ত্রীই। গোবিন্দার কথায়, সুনীতাই কালো রঙের পোশাক পরতে বলেছে, যাতে কাপল ফটো ভাল আসে। কারণ সুনীতাও সেখানে কালো রঙের শাড়ি পরেই হাজির ছিলেন।