
শেষ আপডেট: 15 February 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ সিনেমা ইতিমধ্যে দর্শকদের মন কেড়েছে। ‘হুব্বা’র মুখ্যচরিত্রে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মুশারফ করিম। এবার এই সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
গত সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটিতে চাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিএসএফের গাফিলতিতে ওই মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রাজ্যপাল বোসের সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, গৌতম দেব, উদয়ন গুহ, বীরবাহা হাঁসদা প্রমুখরা ছিলেন প্রতিনিধি দলে। তাঁরা রাজ্যপালকে চোপড়া যাওয়ার অনুরোধ করেন।
সূত্রের খবর, চোপড়া ইস্যুতে আলোচনার পর আলাদা করে কুণাল ও ব্রাত্যর সঙ্গে ঘরোয়া আলোচনা হয় রাজ্যপালের। সেখানেই ‘পরিচালক’ ব্রাত্যর কথা উল্লেখ করে রাজ্যপালকে কুণাল বলেন, “আপনি যে রাজ্যের রাজ্যপাল, সেখানকার একজন মন্ত্রী কিন্ত খ্যাতিমান নাট্যকারও।”
এরপর ব্রাত্য পরিচালিত ‘হুব্বা’ সিনেমার প্রসঙ্গ তুলে ধরেন কুণাল। রাজ্যপালকে বলেন, “বাস্তব ঘটনার অবলম্বনে তৈরি হয়েছে ‘হুব্বা।’ এই সিনেমায় বাম জমানায় কেমন অত্যাচার চলত, সেটাই তুলে ধরেছে।”
সূত্রের খবর, এরপরই ব্রাত্যর ‘হুব্বা’ দেখতে আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল। সচিবকে ডেকে ছবি দেখানোর ব্যবস্থা করতে বলেন। ওই সময় রাজ্যপালের উদ্দেশে ব্রাত্য বলেন, “হুব্বা নন্দনে দেখানো হবে। আপনি এলে আমারও ভাল লাগবে।”