
শেষ আপডেট: 21 September 2022 13:58
তাঁদের দু'জনকে সারাজীবন বহন করে যেতে হচ্ছে কিংবদন্তী দাদু-দিদিমার লিগ্যাসি। বারবার এসেছে তাঁদের সঙ্গে লেজেন্ড দাদু-দিদিমার তুলনা। কিন্তু তারপরও নিজেদের স্বতন্ত্র ইমেজ ধরে রাখতে পেরেছেন তাঁরা। ইন্ডাস্ট্রিতে নিজেদের পায়ের মাটি শক্ত করেছেন তাঁরা নিজেদের জোরে। বিখ্যাত দাদু-দিদিমার নাম ভাঙিয়ে নয়।
গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ও শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee), উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর দুই নাতি।
এক সময়কার উজ্জ্বল জুটি উত্তমকুমার-সুপ্রিয়া দেবী। কে জানত এইসময়কার ছোট পর্দা কাঁপাবে তাঁদেরই দুই নাতি। একসময় রিল থেকে রিয়েল লাইফের সুপারহিট জুটি ছিলেন উত্তম-সুপ্রিয়া। মনে পড়ে যায় তাঁদের জুটির সুপারহিট ছবির নাম 'বিলম্বিত লয়', 'জীবন মৃত্যু', 'মন নিয়ে', 'বনপলাশীর পদাবলী'। তাঁদের দুই নাতির একসঙ্গে জনপ্রিয়তা মনে করাচ্ছে বারবার উত্তম সুপ্রিয়ার প্রেম-সংসার-নির্ভরতা।
পুজোর (Durga Puja) মরশুমে ফটোশ্যুট থেকে হালফিলের সেলেব ফ্যাশনে এ বছর এগিয়ে আছেন ছোট পর্দার দুই তারকা গৌরব চট্টোপাধ্যায় ও শন বন্দ্যোপাধ্যায়। বঙ্গ নারীদের মনে ঝড় (Bong Crush) তুলছেন এই দুই সুদর্শন সুপুরুষ। টেলিভিশনে বিশেষত নায়িকা কেন্দ্রিক গল্পই চলে বেশি। তাই অভিনেত্রীদের জনপ্রিয়তা পাওয়ার সুযোগও বেশিই থাকে।
তবে সেই মিথ ভেঙেছেন গৌরব এবং শন। তাঁদের ফ্যান ফলোয়ার আট থেকে আশির মধ্যে সর্বাধিক। গৌরব ও শন'কে দেখতেই রোজ সিরিয়ালের টিআরপি উঠছে সর্বাধিক। অভিনয়তেও বেশ পোড় খাওয়া অভিনেতা হয়ে উঠেছেন দু'জনে। তবে শুধু অভিনয় নয় লুকসেও জিম চর্চিত চেহারা আর নিয়ন্ত্রিত ডায়েটে নিজেদের আকর্ষণীয় করে তুলেছেন তাঁরা। বলাই যায় এবার পুজোর বং ক্রাশ গৌরব এবং শন।
গৌরব চট্যোপাধ্যায়, উত্তম পৌত্র পরিচয়ের বাইরেও বানিয়েছেন নিজের ইমেজ:
উত্তম কুমারের একমাত্র পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র হলেন গৌরব। গৌরব পৃথিবীতে আসার কয়েক বছর আগেই উত্তমকুমারের প্রয়াণ ঘটে। তাই ঠাকুরদা উত্তমকুমারের স্নেহস্পর্শ পাওয়ার সৌভাগ্য গৌরবের হয়নি। কিন্তু বাড়িময় তো শুধুই উত্তমকুমারের স্মৃতি। তাই ছোট থেকেই দাদুর নাতি হিসেবে পরিচিত ছিলেন গৌরব। তবে গৌরব পেয়েছেন ছোট দাদু তরুণকুমারের সান্নিধ্য। তরুণ মজুমদারের হাত ধরে 'ভালবাসার অনেক নাম' ছবির মাধ্যমে বড় পর্দায় নায়ক রূপে অভিষেক ঘটে গৌরবের। গৌরবের লিপে 'আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পাই একটু ভালবাসা' গানটি বিশাল হিট করেছিল। কিন্তু এরপরও বড় পর্দায় গৌরবের ভাগ্যপ্রসন্ন হয়নি। বড় পর্দাতেই কিছু ছবি করলেও ছাপ ফেলতে পারেননি। এমন সময় নতুন চ্যানেল স্টার জলসার 'দুর্গা' সিরিয়ালে বেশ সুনাম অর্জন করেন গৌরব। কিন্তু এরপর গোলগাল চেহারার গৌরব বদলাতে থাকেন নিজের ইমেজ। জিম টোনড চেহারায় গৌরব অবতীর্ণ হন নতুন চেহারায়। ঝকঝকে স্মার্ট নির্মেদ গ্ল্যামারাস গৌরব। জীবনে অনেক ওঠাপড়া সামলে আজ গৌরব চট্টোপাধ্যায় নিজের কাজে দ্বারা সুপরিচিত নাম। 'করুণাময়ী রানি রাসমণি' সিরিয়ালে মথুরবাবুর ভূমিকায় গৌরব সর্বাধিক সফলতা পান। বর্তমানে 'গাঁটছড়া' সিরিয়ালের নায়ক ঋদ্ধিমানের চরিত্রে সবথেকে জনপ্রিয় গৌরব। যে সিরিয়ালের টিআরপি বহু মাস ধরে সর্বাধিক।

অভিনয়ের পাশাপাশি ফটোশ্যুটেও নজর কাড়ছেন গৌরব। ফ্যাশনেবল হট পোশাক থেকে বনেদি সাবেকি পোশাক সবেতেই সমান সাবলীল গৌরব। সাহসী ফটোশ্যুটেও গৌরব নজর কাড়ছেন বারবার। কখনও নগ্ন বুকে হাজির হচ্ছেন গৌরব কখনও বা শাল-পাঞ্জাবিতে যেন ষাটের দশকের উত্তমকুমার।

ফলোয়ার সংখ্যা দিনদিন বাড়ছে মিঃ চট্টোপাধ্যায়ের। বাস্তবে গৌরব বিবাহিত হলেও তাঁর প্রতি মহিলারা ভীষণ ফিদা। ঠিক যেন দাদু উত্তমকুমারের ধারা বজায় রেখে চলেছেন নাতি গৌরব।

শন বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া দেবীর টিপস থেকে নিজের অধ্যাবসায়, যেন পারফেক্ট জেন্টলম্যান:
শন কিন্তু পেয়েছেন ছোট থেকেই দিদিমা সুপ্রিয়া দেবীর সান্নিধ্য। তবে বোর্ডিংয়ে পড়াশোনার দৌলতে দিদিমার কাছে সবসময় থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তবে শীতের ছুটি বা পুজোর ছুটিতে দিদিমা সুপ্রিয়া দেবীর কাছেই থাকতেন শন। দিদিমার সঙ্গে বসেই দেখতেন টিভিতে উত্তম-সুপ্রিয়ার সব সিনেমা। তখন থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক শনের। সঙ্গে থাকত দিদিমা সুপ্রিয়া দেবীর নানা টিপস। সুপ্রিয়া কন্যা সোমার ছোট পুত্র শন। সোমাও যৌবনে বড় পর্দায় কিছু ছবি করেছিলেন। উত্তমকুমার থেকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সোমা। তবে ফিল্মি ক্যারিয়ার তাঁর বেশি দূর এগোয়নি।

টলিউডে শন প্রথম থেকেই ভীষণ নিজের ক্যারিয়ার সম্পর্কে সচেতন। আর পাঁচজন বাঙালি যুবকের মতো তাঁর লুকস নয়। ভীষণ আলাদাভাবে নজর কাড়েন শন শুরু থেকেই। আধুনিক পুরুষের উদাহরণ যেন শন। নিজেকে ঘষেমেজে পুরোদস্তুর গ্ল্যামার জগতের উপযোগী করে তুলেছেন শন।
একসময় ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে সিরাজের ভূমিকায় অপূর্ব অভিনয় করেছিলেন শন। শুরু থেকেই শন আত্মবিশ্বাসী। তাঁর লুকস ফিদা করবে যে কোন বঙ্গললনাকে। তাঁর গ্রিক দেবতার মতো চেহারা যে কোন পুরুষের কাছেই ঈর্ষণীয়।

‘এখানে আকাশ নীল’ সিরিয়ালে ডঃ উজানের ভূমিকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর ‘মন ফাগুন’ এও শনের অভিনয় নজর কেড়েছে। শুধু তাই নয় বড় পর্দাতে ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে একটি ধূসর চরিত্রে দেখা যাবে শনকে। এই 'অন্তর্দৃষ্টি' ছবি দিয়েই বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন শন। পুজোর আমেজে শনের মতো প্রেমিক সব মেয়েদের স্বপ্ন। এলিজেবল ব্যাচেলর শন বন্দ্যোপাধ্যায় এখন সবার মনের বং ক্রাশ। সুপ্রিয়া দেবী নাতির এই জনপ্রিয়তা দেখে ভীষণ খুশি হতেন। দিদিমাও যে একসময়কার টলিউড ডিভা ছিলেন।

সবথেকে বড় ব্যাপার গৌরব এবং শন দুজনে খুব ভাল বন্ধু। সমবয়সী না হয়েও দু'জন দু'জনের কাজকে প্রশংসা করেন সবসময়। গৌরবের থেকে শন বয়সে ছোট। তাই দাদার মতোই শনকে ভালবাসেন গৌরব। দুই স্টার পরিবারের সব গসিপের বাইরে গিয়ে গৌরব-শন দু'জন দু'জনের কাছের মানুষ।