
শেষ আপডেট: 18 June 2018 13:28
দ্য ওয়াল ব্যুরো: এ বার গুগলের কোপে পড়েছেন ভাইজান। কিছুদিন আগে রানী রাসমণি লিখে গুগলে সার্চ করলে পাওয়া যাচ্ছিল সিরিয়ালের পোস্টার। আর এ বার দেশের সবচেয়ে খারাপ অভিনেতার তালিকায় গুগল শীর্ষে দেখালো সলমন খানের নাম।
এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কিং খান আর ভাইজানের বিভিন্ন ফ্যানক্লাবের মধ্যে রীতিমতো বচসাও শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনুমান করা হচ্ছে এ সবই গুগলের কীর্তি। তবে গুগল যাই দেখাক, আর নেটিজেনরা সলমনকে নিয়ে যতই ট্রোল করুন ঈদের বক্স অফিসে কিন্তু ভাইজানই হিট।
ঈদ মানেই ভাইজানের ছবি। আর ছবির ব্যবসার ক্ষেত্রে এ বছরেও ধারা বজায় রাখলেন সলমন খান। তিন দিনেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে রেমো ডিসুজা পরিচালিত সলমনের নতুন ছবি রেস থ্রি। রেস ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবি এটি। পরিচালকের পাশাপাশি এ ছবিতে পাল্টেছে কাস্টিংও। পুরোনো রেসের অভিনেতাদের মধ্যে একমাত্র অনিল কাপুরই অভিনয় করেছেন এই ছবিতে।
ছবি দেখে হল থেকে বেরিয়ে দর্শকদের মুখে মুখে এখন ফিরছে একটাই কথা। এ ছবি ভাইজানেরই ছবি। শুধু সলমনকে দেখার জন্যই এই ছবি দেখতে যাওয়া উচিত। থ্রিডি ছবিতে ভাইজানের মাসেলে মজেছেন আট থেকে আশি। যদিও অনেকেই বলছেন কিছু কিছু সিন যেন জোর করে বানানো হয়েছে। কেবল সলমন মারপিট করবেন বলেই জোর করে ঢোকানো হয়েছে বেশ কিছু অ্যাকশন সিক্যুয়েন্স। তাতে অবশ্য ভাইজানের অনুরাগীদের উৎসাহে একটুও ভাটা পড়েনি। বরং লাস্ট উইকেন্ডে অনেকেই দেখে ফেলেছেন রেস থ্রি।