
শেষ আপডেট: 12 January 2021 15:10
সেই হাসি! সেই উৎফুল্লতা! ঠিক যেন শ্রীদেবী। জাহ্নবীর নতুন ছবি দেখে এমন ধারণাই পোষন করেছেন নেটিজেনরা। ছবিতে ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভূমিকায় দেখা যাচ্ছে জাহ্নবীকে। পরনে সাধারণ সালোয়ার-কামিজ। বাঁধনি প্রিন্টের কামিজ, ওড়না। চুলে বিনুনি। মুখের এক গাল হাসি প্রমাণ করছে তিনি সাধারণ হলেও, সুখী। এমন একটি ছবি পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন #গুডলাকজেরি!
'গুড লাক জেরি' জাহ্নবী কাপুরের পরবর্তী সিনেমা। প্রযোজক আনন্দ এল রাইয়ের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। সিনেমার পরিচালনা করবেন সিদ্ধার্থ সেনগুপ্ত। 'গুড লাক জেরি'র কাহিনি লিখেছেন পঙ্কজ মট্ট। নতুন বছরেই শুরু হয়ে গেছে শ্যুটিং। হয়তো এই বছরেই মুক্তিও পাবে এই সিনেমা। সেই কারণেই জোর কদমে চলছে প্রস্তুতি।
জাহ্নবীর শেষ সিনেমা ছিল 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল'। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এই সিনেমা। প্রথমবার জাহ্নবীর অভিনয়ের প্রশংসা করেছিলেন সিনেমা-সমালোচকরা। নতুন সিনেমায় ফের তিনি অভিনয় দিয়ে নজর কাড়তে পারেন কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। 'গুড লাক জেরি' ছাড়াও 'রুহি আফজানা' এবং 'দোস্তানা ২' তেও দেখা যাবে জাহ্নবীকে।