
শেষ আপডেট: 27 April 2022 07:19
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে প্রায় ২০০ কোটির ব্যবসা। বলিউডে বলাবলি হচ্ছিল করোনা, লকডাউন পরবর্তী সময়ে হিন্দি ছবির দর্শকদের হলে ফিরিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) আর সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhanshali)। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) একেবারে সুপার ডুপার হিট। কিন্তু এত জনপ্রিয় ছবিটিও যাঁরা হলে গিয়ে দেখে আসতে পারেননি, তাঁদের জন্য সুখবর। অবশেষে ওটিটিতে মুক্তি পেল ‘গাঙ্গুবাই’।
আরও পড়ুন: ফ্ল্যাটে ডেকে শ্লীলতাহানির অভিযোগ দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে! তোলপাড় ইন্ডাস্ট্রি
ষাটের দশকে মুম্বইয়ের রেড লাইট এরিয়ার দাপুটে যৌনকর্মী ছিলেন গাঙ্গুবাই। তাঁর জীবনকাহিনি নিয়েই তৈরি এই ছবি। নেটফ্লিক্সের পর্দায় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) সম্প্রতি মুক্তি পেয়েছে। সেখানে চোখপ রাখলেই দেখা যাবে বক্স অফিস কাঁপানো এই ছবি।
এস হুসেন জাইদির ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ নামক কাহিনির উপর ভিত্তি করে এই ছবি বানিয়েছেন বনশালী। তাঁর ছবি মানেই হিট। সেই সঙ্গে এটাই ছিল বনশালীর সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ (Gangubai Kathiawadi)। এই ছবিতে আলিয়ার বিপরীতে অভিনয় করেছেন বলিউডে নবাগত শান্তনু মহেশ্বরী। পেশাগত নৃত্যশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে তাঁর খ্যাতি রয়েছে, বনশালী-আলিয়ার হাত ধরে বলিউডে অভিনয়েও হাতেখড়ি হল কলকাতার এই যুবকের।
সুত্রের খবর, ১৫০ কোটি টাকার বাজেটে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নির্মাণ করা হয়েছিল। আর এই ছবির বক্স অফিস কালেকশন ১৯৭ কোটি। আলিয়া ভাটের দুরন্ত অভিনয়ই ছবিটিতে এতদূর সাফল্য এনে দিয়েছে বলে মনে করছেন ফিল্ম ক্রিটিকরা। আশা করা যায় নেটফ্লিক্সের পর্দাতেও জমিয়ে রাজত্ব করবে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’।