
শেষ আপডেট: 23 January 2023 15:41
দ্য ওয়াল ব্যুরো: আগামী বুধবার, পরশুদিন সিনেমাহলে মুক্তি পাচ্ছে 'পাঠান' (Pathaan)। সে ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা এইমুহূর্তে আকাশছোঁয়া। বয়কট বিতর্ককে দূরে সরিয়ে ভাল ব্যবসা করতে মুখিয়ে রয়েছেন ছবির নির্মাতা থেকে শুরু করে কলাকুশলীরাও। এমন সময় 'পাঠান'কে নিজের কেরিয়ারের সবথেকে 'চ্যালেঞ্জিং এবং কঠিন কাজ' বলে বর্ণনা করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।
ছবিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে 'র'-এর এজেন্ট হিসাবে দেখা যাবে। নিজের চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য শাহরুখ জানপ্রাণ ঢেলে দিয়েছেন। পিছিয়ে ছিলেন না দীপিকাও। কড়া ডায়েট (Diet) এবং জিম ট্রেনিংয়ে (Workout) ছিলেন অভিনেত্রী। এমনিতে তিনি সবসময়েই ডায়েট মেনে চলেন। তবে 'পাঠান'-এর প্রস্তুতি এবং শ্যুটিং দীর্ঘদিন ধরে চলার কারণে তা আরও কঠিন ছিল।
ছবির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের পোস্ট করা একটি ভিডিও সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, "কোনও চলচ্চিত্রের জন্য বা কোনও নির্দিষ্ট চরিত্রের জন্য শরীরের গঠন পাল্টানো সহজ কাজ নয়। আর আমার মনে হয়, এত বছরের কেরিয়ারে 'পাঠান' ছবিতে এই পরিবর্তন আনা সবচেয়ে কঠিন কাজ ছিল।" তবে, তিনি ঠিক কীভাবে কড়া ডায়েট পালন করেছেন, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
মেয়েকে নিয়ে ‘পাঠান’ দেখতে পারবেন! বিজেপি নেতার চ্যালেঞ্জ পূরণ করলেন শাহরুখ