
শেষ আপডেট: 29 November 2023 19:58
দ্য ওয়াল ব্যুরো: অতীত কীভাবে ভবিষ্যতের সঙ্গে যোগসূত্র তৈরি করে, তা কি আর আগেভাগে ঠাওর করা যায়! তাঁরা দু'জনেই সুপারস্টার! কিন্তু কোনওদিন একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি তাঁদের। তারপরেও তাঁদের মিলিয়ে দিয়েছে একটি বাড়ি। বাড়ি বলা ভুল, যেন রাজপ্রাসাদ! প্রথমজন রাজেশ খান্না। যাঁকে বলিউডের প্রথম সুপারস্টার আখ্যা দেওয়া হয়েছে বহু আগেই। আর দ্বিতীয়জন বর্তমানে থাকেন সেই বাংলোতে। কিন্তু এই প্রাসাদোপম বাংলোর সঙ্গে রাজেশের যোগ কোথায়? কারণ, সাতের দশকে এই বাড়িতেই 'চুরি' করতে ঢুকেছিলেন বলিউডের 'কাকা'।
চুরি শুনে অনেকেই ঘাবড়ে যেতে পারেন। তবে ব্যাপারটা তেমন না। আসলে গোটাটাই ছিল ছবির শ্যুটিং। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া 'রাজা-রানি' ছবির শ্যুটিং হয়েছিল 'ভিলা ভিয়েনা' নামের এই বাংলোর ভিতরে। ছবির মুখ্য দুই চরিত্রে ছিলেন রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। বক্স অফিসে সুপারহিট হয়েছিল এই সিনেমাটি। গল্পে এক চোরের ভূমিকায় ছিলেন রাজেশ। আর শ্যুটিংয়ের খাতিরেই তাঁকে এই বাড়ির ভিতর চুরির মতলবে ঢুকতে দেখা গিয়েছিল। তবে আজ সেই বাংলোর নাম পাল্টেছে। তার নতুন নাম 'মন্নত', যেখানে থাকেন বলিউড 'বাদশা' শাহরুখ খান।
২০০১ সালে শাহরুখ এই বাড়িটি কিনে নেন। সেটাও এক গল্পের মতই। ১৯৯৭ সালে 'ইয়েস বস' ছবির একটি গানের শ্যুটিংয়ের জন্য বান্দ্রার এই বাড়ির সামনে এসেছিলেন শাহরুখ। তখনই তাঁর নজরে আসে সমুদ্রের ধারে নিঃসঙ্গ হয়ে পড়ে থাকা বিরাট প্রাসাদটি। পরিচর্যার অভাবে তখন তার দশা করুণ। ওখানে দাঁড়িয়েই অভিনেতা ঠিক করেন, একদিন এই বাংলো কিনে নেবেন। যেমন ভাবা, তেমন কাজ! মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি এই বাড়ির মালিক হয়ে যান। আর এখন সেই 'মন্নত' শাহরুখ-ভক্তদের কাছে মন্দিরের সমান বললেও হয়তো কম বলা হবে।
তবে শুধু রাজেশ খান্নার 'রাজা-রানি' নয়, বলিউডের আরও বেশ কয়েকটি ছবির শ্যুটিং হয়েছিল তৎকালীন 'ভিলা ভিয়েনা' নামের এই বাংলোটিতে। রাজ কাপুরের 'আনাড়ি', রাজেশ খান্নার 'সফর', অনিল কাপুরের 'তেজাব', আমির খানের 'রাখ', নানা পাটেকরের 'অঙ্গার', রজনীকান্তের 'বাশা', এমনকী শাহরুখের 'ফ্যান'-এর শ্যুটিংও হয়েছিল এই বাড়িতে। ১৯১৪ সালে মুম্বইয়ের এক পার্সি পরিবার বান্দ্রায় সমুদ্রের ধারে এই বাংলোটি তৈরি করেছিল। ১৯৯০-এ এক রিয়েল এস্টেট ফার্ম পুরো বাড়িটি অধিগ্রহণ করে। সব শেষে ২০০১-এ সেটি কিনে নেন শাহরুখ খান।