
ফাওয়াদ খান (ছবি-গুগল)
শেষ আপডেট: 23 April 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হত্যাকাণ্ডের প্রতিবাদে বলিউডে ফাওয়াদ খানকে বয়কটের ডাক (Film federation heads oppose Fawad Khan's Abir Gulaal)। প্রায় ৯ বছর পর বলিউডে ফিরছেন পাকিস্তানী অভিনেতা। ছবি মুক্তির দিন ইতিমধ্যেই সামনে এসেছে। এপ্রিলের শুরুতেই তাঁর অভিনীত 'আবির গুলাল' ছবির টিজার মুক্তি পেতেই সমালোচনা শুরু হয়েছিল।
ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক সমিতির সভাপতি অশোক পণ্ডিত ভারতে 'আবির গুলাল' (Abir Gulal) সিনেমার মুক্তির বিরোধিতা করে সরব হয়েছেন। তাঁর কথায়, 'এই ঘটনা (পহেলগাম হামলা) জাতির বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত। এই প্রথমবার নয়, এই ধরনের আক্রমণ ৩০ বছর ধরে চলছে। আমরা, একটি ফেডারেশন হিসেবে, হাত জোড় করে অনুরোধ করেছি পাকিস্তানিদের সঙ্গে কাজ না করার জন্য। তবে তারা শিল্পী, সম্প্রদায়ের মতো কিছু কারণ নিয়ে আসে। শেষ পর্যন্ত আমাদের দেশকেই গুরুত্ব দিতে হবে।'
আরও বলেন, 'নিজের বাড়ির লোক মারা না গেলে কেউ গুরুত্ব দেবে না। যদি সিনেমার নায়িকা বা নির্মাতাদের পরিবারের কোনও সদস্য যদি জঙ্গিদের গুলিতে প্রাণ হারাত তাহলে হয়তো তারা (ফাওয়াদের সঙ্গে) কাজ করত না।'
ভারতীয় ক্রিকেটারদেরও (Indian Cricketers) কটাক্ষ করেছেন অশোক পণ্ডিত। 'আমাদের দেশের লোকেরা পাকিস্তানের সঙ্গে খেলতে লন্ডন, দুবাই যাচ্ছ। সোজা বলে দিন না, খেলবেন না! ওরা বন্দুক দিয়ে মারছে আর আমরা এদিকে ওনাদের সঙ্গে ক্রিকেট খেলছি। সাধারণ মানুষ ক্ষুব্ধ, পরিস্থিতি এখন সীমা অতিক্রম করে ফেলেছে।'
এছাড়া, পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যারা কাজ করবে তাঁদের বয়কট করতে নোটিস জারি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অশোক পণ্ডিত।
আগামী ৯ মে মুক্তি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা 'আবির গুলাল' (Abir Gulal) ছবিটির। ফাওয়াদ খানের বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে। গত ১ এপ্রিল টিজার মুক্তি পেয়েছে। তবে পাকিস্তানি অভিনেতার বলিউড কামব্যাক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বিভিন্ন মহলের তরফে আপত্তি সামনে এসেছিল। এমনকি মহারাষ্ট্রে ফাওয়াদ খানের ছবি মুক্তি পেলে 'দক্ষযজ্ঞ' বাঁধবে বলে হুঁশিয়ারিও দিয়েছিল রাজ ঠাকরের দল। পহেলগাম ঘটনার পর ফাওয়াদ খানকে বয়কট করতে চেয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছে নেটিজেনদের একাংশ।