
সোনাক্ষী সিনহা
শেষ আপডেট: 9 May 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হামলার পর ভারত কড়া জবাব দিয়েছে—জল, স্থল আর আকাশপথে একযোগে হানা দিয়েছে ভারতীয় সেনা। দেশের মানুষ সেনাবাহিনীর পাশে আছেন, কিন্তু এর মধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেক ভুয়ো ছবি ও ভিডিও। অনেকেই যুদ্ধের বলে দাবি করে নানা ভিডিও ছড়াচ্ছেন, যেগুলো পুরোনো বা বানানো।
এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রক সাংবাদিকদের সতর্ক করেছে—যেন সেনার অভিযান সরাসরি দেখানো না হয়। কারণ এতে সেনাদের বিপদ হতে পারে। কেন্দ্রের নির্দেশিকা প্রকাশের পরই নিজের মতামত জানান বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
তিনি লেখেন,“সংবাদ দেখার বদলে মনে হচ্ছে নাটক দেখছি! শুধু চিৎকার, শব্দের দাপট আর আবেগ দেখানো হচ্ছে—আমি এসব দেখে ক্লান্ত। ভগবানের দোহাই, মানুষের ভয় বাড়িয়ে দেবেন না। নিজের কাজটা ঠিক করে করুন।”
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দেশের মিডিয়া হাউস ও ডিজিটাল চ্যানেলগুলিকে সেনাবাহিনীর অভিযান সংক্রান্ত লাইভ সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হয়। এর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের সেই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনাক্ষী লেখেন, “অতিনাটকীয় দৃশ্য, একনাগাড়ে শব্দের ঝাঁঝ আর গলার শিরা ফেটে চিৎকার—এসব আর সহ্য হচ্ছে না! আপনারা সাংবাদিকতা করছেন, না সার্কাস চালাচ্ছেন?”
তিনি আরও বলেন, “ভগবানের দোহাই, যুদ্ধ নিয়ে রিপোর্টিংয়ের নামে আতঙ্ক ছড়াবেন না। তথ্য বিকৃত করবেন না। মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন।” সোনাক্ষী দর্শকদেরও অনুরোধ করেছেন, “যা খুশি দেখবেন না। যেটা বিশ্বাসযোগ্য, সেসব খবরই দেখুন। আজকাল খবরের নামে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো থেকে নিজেকে দূরে রাখুন।”