
ফাইল চিত্র
শেষ আপডেট: 7 May 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পরিপ্রেক্ষিতে নিজের ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করেছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু তাঁর সেই বার্তা যেন উল্টো ধারায় গেল। প্রশংসার বদলে খোদ পাকিস্তানেই পড়লেন প্রবল সমালোচনার মুখে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষমেশ পোস্টটিই মুছে ফেলতে বাধ্য হন ফাওয়াদ।
কী লিখেছিলেন ফাওয়াদ?
বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টেটমেন্ট জারি করে ফাওয়াদ লেখেন—"এই লজ্জাজনক হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি প্রার্থনা করি সবাই সুস্থ থাক। মৃতদের আত্মার শান্তি হোক এবং তাঁদের প্রিয়জনেরা এই সময়ে মানসিক শক্তি পান। উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে দয়া করে পরিস্থিতিকে আরও খারাপ করবেন না। আশা করি, এই কঠিন সময়ে সবাই বিবেকবান সিদ্ধান্ত নেবেন। ইনশাল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ!"

তবে তিনি কোথাও ‘ভারত’ বা ‘অপারেশন সিঁদুর’-এর সরাসরি উল্লেখ করেননি। কিন্তু তাঁর এই ভাষ্য নিয়েই তৈরি হয়েছে প্রবল বিতর্ক। অনেক পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অভিযোগ করেন, “ভারতের বিরুদ্ধে একটা শব্দও বললেন না! বরং সবকিছুকে ‘উত্তেজনাপূর্ণ’ বক্তব্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে!”
ফাওয়াদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে দেখা না গেলেও, তাঁর পোস্টের স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই তাতে মন্তব্য করেন, “আপনার শোকবার্তার কোনও প্রয়োজন নেই।", কেউ আবার লেখেন, “ও নিজে নরকে যাক, আর ভারত যা করেছে, তা নিয়ে একটা কথাও বলবে না?” অনেকেই তাঁকে আনফলো করার ডাক দেন। তাঁদের বক্তব্য, বলিউডে ফেরার ইচ্ছা থেকেই ফাওয়াদ এই ‘নিরপেক্ষ ভাষ্য’ দিয়েছেন।
পুলওয়ামা-পরবর্তী ভারত-পাকিস্তান সাংস্কৃতিক উত্তেজনার কারণে বহুদিন বলিউড থেকে দূরে ছিলেন ফাওয়াদ। সম্প্রতি ‘আবির গুলাল’ নামে একটি হিন্দি ছবির মাধ্যমে তাঁর বলিউডে প্রত্যাবর্তনের কথা ছিল, যা মুক্তি পাওয়ার কথা ছিল ৯ মে। তবে এপ্রিলে কাশ্মীরের পহেলগাম-এ হওয়া জঙ্গি হামলার পরে, ছবির মুক্তি স্থগিত করা হয়েছে।
২২ এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলার জবাবে ভারত ৩০ এপ্রিল রাতে ‘অপারেশন সিঁদুর’ চালায়। এই অভিযানে ভারতীয় বায়ুসেনা ও অন্যান্য সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে থাকা অন্তত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, “এই অভিযান পরিকল্পনা করে এমন জায়গা বেছে নেওয়া হয়েছিল যেখানে কোনও বেসামরিক প্রাণহানি হবে না।”