
ফাওয়াদ খান।
শেষ আপডেট: 25 April 2025 08:15
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ আর বয়কটের ডাক। এই ঘটনার পর পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বলিউড অভিনেত্রী বাণী কাপুর অভিনীত আসন্ন ছবি আবির গুলাল-এর গান সরিয়ে দেওয়া হয়েছে ইউটিউব ইন্ডিয়া থেকে। ইতিমধ্যেই এই ছবির মুক্তি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা গেছে, ছবিটির প্রযোজক সংস্থার তরফ থেকে দুটি গান মুক্তি পেয়েছিল। একটি রোমান্টিক ট্র্যাক ‘খুদায়া ইশ্ক’, আর একটি মজার ডান্স নাম্বার ‘আংরেজি রংরসিয়া’। তবে বর্তমানে কোনও গানই আর ইউটিউবে পাওয়া যাচ্ছে না। এমনকি এই গানগুলোর স্বত্বাধিকারী সংগীত লেবেল সারেগামা-র ইউটিউব চ্যানেল থেকেও গান দু'টি মুছে ফেলা হয়েছে।
এমনকি এই সপ্তাহেই ঘোষণা করা হয়েছিল যে ‘তৈন তৈন’ নামে একটি নতুন গান বুধবার মুক্তি পাবে। তবে আজও সেই গানটি মুক্তি পায়নি।
সমাজ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাশ্মীরে এত বড় জঙ্গি হামলার পর ভারতীয় শিল্পীদের পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করা কি যুক্তিযুক্ত?
২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। তার পর থেকেই দেশজুড়ে ক্ষোভ ছড়ায়। এরই মাঝে আবির গুলাল ছবির মুক্তি ঘিরে বিতর্ক আরও তীব্র হয়।
এই ছবি পরিচালনা করেছেন আরতি এস বাগদি। আগামী ৯ মে মুক্তির কথা ছিল এই ছবির। কিন্তু বৃহস্পতিবার জানা যায়, ভারতে এই ছবি মুক্তি পাবে না। সরকারি সূত্র উদ্ধৃত করে জানানো হয়, 'পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের অভিনীত আবির গুলাল ভারতে মুক্তি পাবে না।’
এর আগেই ভারতের সিনে ফেডারেশন পাক শিল্পীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। বয়কটের ডাক দিয়ে বলা হয়, ভারতীয় বিনোদন শিল্পে পাক শিল্পী, গায়ক ও টেকনিশিয়ানদের সঙ্গে কোনও রকম সহযোগিতা চলবে না।
এই ঘটনায় ফাওয়াদ খান নিজেও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, ‘পহেলগামের জঘন্য হামলার খবর শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি, ওদের শক্তি ও শান্তি কামনা করি এই কঠিন সময়ে।’
তবে তিনি বা ছবির অন্য কোনও সদস্য এই গানগুলি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
এই ছবিতে ফাওয়াদ খান ও বাণী কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন লিসা হায়দন, ঋদ্ধি ডোগরা, ফরিদা জলাল, সোনি রাজদান ও পরমিত শেট্টি। তবে পহেলগামের ঘটনার পর ‘আবির গুলাল’-এর মুক্তি কার্যত অনিশ্চিত। অনিশ্চিত এর গানগুলি শুনতে পাওয়াও। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ঘিরে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও আবেগঘন বিতর্ক।