
ফাইল চিত্র
শেষ আপডেট: 14 February 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খান সম্প্রতি এক ব্লগে জানিয়েছেন যে, ‘ছাইয়া ছাইয়া’ গানের জন্য অভিনেত্রী 'শিল্পা শিরোডকরকে' পছন্দ করেননি। কারণ তাঁর মনে হয়েছিল শিল্পার ওজন প্রায় ১০০ কেজি! তবে এবার ফারাহ নতুন একটি ব্লগে শিল্পার সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আবার কথা বলেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, যদি ‘ছাইয়া ছাইয়া ২’ তৈরি হয়, তবে তিনি অবশ্যই শিল্পাকে কাস্ট করবেন।
নতুন ব্লগে দেখা যায়, ফারাহ তাঁর রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে শিল্পার বাড়িতে যান। সেখানে শিল্পার সৌন্দর্যের প্রশংসা করেন ফারাহ। তখনই শিল্পা তাঁকে মনে করিয়ে দেন, কিছুদিন আগেই ফারাহ বলেছিলেন, 'শিল্পা অন্তত ১০০ কেজি ছিল। আমি ভাবছিলাম, ও কীভাবে ট্রেনে উঠবে? আর যদি ওঠেও, তাহলে শাহরুখ কোথায় দাঁড়াবে?' কথাটি শুনে দু’জনেই হেসে ফেলেন। এরপর ফারাহ প্রতিশ্রুতি দেন, যদি ‘ছাইয়া ছাইয়া ২’ হয়, তবে শিল্পা অবশ্যই ট্রেনে থাকবেন, সঙ্গে থাকবে নাচের দল এবং শাহরুখও।
আলোচনার সময় ফারাহ বলেন, নব্বইয়ের দশকে শিল্পা বর্ষার গানে পরিচিত ছিলেন এবং রসিকতা করে বলা হত, তিনি সবসময় নিজের ‘রেইন মেশিন’ ও জলের ট্যাঙ্কার সঙ্গে নিয়ে আসেন। এরপর ফারাহ আবারও শিল্পার ওজন প্রসঙ্গ টেনে বলেন, 'আমি ভাবছিলাম, ও ট্রেনে উঠবে কীভাবে? আর যদি ওঠেও, তাহলে শাহরুখ কোথায় যাবে?'
শিল্পা জানান, যদিও ফারাহ তাঁকে প্রথমে বাদ দিয়েছিলেন, তবে তাঁকে ১৫ দিন সময়ও দিয়েছিলেন ওজন কমানোর জন্য। কিন্তু সেই সময় শেষে ফারাহ বলেন, 'তেমন কোনও পরিবর্তন দেখা যাচ্ছে না।'
সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে শিল্পা জানান, তাঁকে শুধু 'মোটা' বলেই বাদ দেওয়া হয়েছিল। তিনি বলেন, 'আমি মোটা ছিলাম, তাই আমাকে নেয়নি। সরাসরি বলা হয়েছিল, আমি মোটা।' তবে তিনি এও জানান, ‘ছাইয়া ছাইয়া’ না পাওয়ায় দুঃখ থাকলেও ঈশ্বর তাঁকে আরও অনেক কিছু দিয়েছেন।