
শেষ আপডেট: 30 December 2023 17:01
দ্য ওয়াল ব্যুরো: ২৪ ডিসেম্বর, বড়দিনের প্রাক্কালে বিয়ে করেছেন আরবাজ খান। বান্ধবী শুরা খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তার আগে প্রথম পক্ষের স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে ২০১৭ সালেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁর। তিনি এখন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। এবার কি তিনিও দ্বিতীয়বার বিয়েটা সেরে ফেলবেন? সম্প্রতি এমনই প্রশ্নের মুখে পড়েছিলেন ‘ছঁইয়া ছঁইয়া গার্ল’।
একটি নাচের রিয়ালিটি শো-তে মালাইকাকে এই প্রশ্ন করেছিলেন ফারহা খান। তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি নতুন বছরে বিয়ে করবেন? প্রশ্ন শুনে খানিক ঘাবড়ে যান মালাইকা। তারপর অবশ্য উত্তর দেন, “আমাকে কেউ বিয়ের জন্য বললে, নিশ্চয়ই করব।” কিন্তু তিনি একবারও নিজের প্রেমিক অর্জুনের নাম নেননি। মাঝে একবার এও শোনা গিয়েছিল তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। এই নিয়ে নীরব মালাইকা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে মডেল-অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। এর পাশাপাশি নাচের ক্ষেত্রেও মালাইকার জুড়ি মেলা ভার। তবে ২০১৭ সালে তাঁদের ১৯ বছরের দাম্পত্য জীবন শেষ হয়ে যায়। কিন্তু বিচ্ছেদ হলেও ছেলে আরহানের সঙ্গে একাধিকবার দুজন মিলে সময় কাটিয়েছেন তাঁরা। কখনও তিনজন মেলে রেস্তোরাঁয় খেতে গিয়েছেন, আবার কখনও ছেলেকে বিমানবন্দরে ছাড়তে গিয়েছেন একসঙ্গেই।
বিচ্ছেদের ছয় বছর পর এবার ২০২৩ সালের শেষে এসে আবারও নতুন করে সংসার শুরু করলেন আরবাজ। বোন অর্পিতা খানের বাড়িতে তিনি ও শুরা বিয়ে করেছেন। রবিবার তাঁদের বিয়ে সম্পন্ন হওয়ার পর সেই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। কিন্তু মুখে রাজি আছেন বললেও মালাইকা আবারও নতুন করে সংসার শুরু করবেন কিনা, তা অবশ্য নিশ্চিত নয়। এখন দেখার বিষয়, অর্জুন কী চাইছেন!