বহু প্রতীক্ষার অবসান। মুক্তি পেয়েছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’। তবে ছবি রিলিজ মানেই বিশ্রাম, আয়েশ আর একটু নিঃশ্বাস নেওয়া—এ কথা অনুরাগের অভিধানে নেই। বরং শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। কখনও মুম্বই, কখনও পুনে, তো কখনও অন্য শহর—নিজের ছবিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পরিচালক।

অনুরাগ-তানি
শেষ আপডেট: 5 July 2025 14:09
বহু প্রতীক্ষার অবসান। মুক্তি পেয়েছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’। তবে ছবি রিলিজ মানেই বিশ্রাম, আয়েশ আর একটু নিঃশ্বাস নেওয়া—এ কথা অনুরাগের অভিধানে নেই। বরং শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। কখনও মুম্বই, কখনও পুনে, তো কখনও অন্য শহর—নিজের ছবিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পরিচালক। এতটাই ব্যস্ত তিনি, যে ফোনে কথা বলার মাঝেও নেটওয়ার্ক বারবার বিঘ্ন ঘটাচ্ছে। তবুও পর্দার মতোই বাস্তবেও তাঁর মনোযোগী ভাব, হালকা হাসিতে বোঝালেন, “চিন্তার কিছু নেই, কাজ নিয়েই টেনশন... একজন ফিল্মমেকার জানেন, সিনেমা মুক্তির আগে কতটা দৌড়ঝাঁপ করতে হয়।”
গোটা দেশ যখন ‘মেট্রো ইন দিনো’ ছবির গানগুলো নিয়ে মেতে, একের পর এক গান বাজছে মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়—ঠিক তখন পরিচালক নিজেই গান না শোনার সিদ্ধান্তে অনড়! মুচকি হেসে বলেন, “আমার কায়দে সে মোহব্বত, দিল কা কেয়া... সব গানই আমার খুব প্রিয়। কিন্তু এখন আর কিছু শুনি না। এতবার শুনেছি—তৈরির সময়, শুটিংয়ে, এডিটিংয়ে—এখন এগুলো আর আমার গান নয়, শ্রোতাদের হয়ে গেছে। আমিও শুনি না, প্রীতমও না!”
ছবির প্রযোজক তাঁর স্ত্রী, তানি বসু। একসঙ্গে কাজ করতে গিয়ে চাপ কতটা বাড়ে? অনুরাগের সরল জবাব, “এই প্রশ্নের সবচেয়ে সঠিক উত্তর দিতে পারত আমার স্ত্রীই। আমাকে সামলানো একেবারেই সহজ নয়। আমি আর প্রীতম তো থামতেই জানি না। তানি আমাদের থামায়। ও নিজেও ক্রিয়েটিভ, বোঝে ব্যাপারটা, কিন্তু একজন তো দরকার যে সামলায়, আগল দেয়।”
এই ছবির মূলসুর সম্পর্ক, প্রেম আর জীবনের জটিল বাস্তবতা। অনুরাগ নিজেও বললেন, ছবির পঙ্কজ ও কোকোর (কঙ্কনা সেন শর্মা) সম্পর্কের সঙ্গে তিনি ও তাঁর স্ত্রী তানি খুব ভালোভাবে রিলেট করতে পারেন। মিড লাইফ ক্রাইসিস, দাম্পত্যের টানাপোড়েন—সব মিলিয়ে নিজের জীবনের অনেক ব্যক্তিগত মুহূর্ত তিনি রেখে দিয়েছেন ছবিতে।
ভালবাসা নিয়ে এক অসাধারণ ভাবনা শোনালেন তিনি, “একজন মানুষের সঙ্গেই সারাজীবন কাটাতে গেলে, বারবার প্রেমে পড়তে হয়—একই মানুষের সঙ্গেই। এটা কঠিন, কিন্তু এটাই তো আসল ভালবাসা।”
তাহলে অনুরাগ নিজেও কি এখনও প্রেমে পড়েন? হাসতে হাসতে জবাব দেন, “রোজ না হোক, বছরে একবার তো পড়িই!”
জীবনের প্রতি এই মনখোলা ভালোবাসা, কাজের প্রতি নিঃশর্ত দায়বদ্ধতা আর সম্পর্কের গভীর উপলব্ধিই অনুরাগ বসুকে আলাদা করে দেয়। মুম্বই শহর তাঁর ডানা মেলবার ঠিকানা—আর সিনেমাই তাঁর শ্বাস-প্রশ্বাস।