সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান আত্মহত্যা করেছিলেন পাঁচ দিন আগে, তার পরই আজ...
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার খবর শুনে ক্ষণিকের জন্য যেন হৃদপিণ্ড স্তব্ধ হয়ে গিয়েছে বলিউডে। মাত্র ৩৪ বছরের ঝকঝকে এক তরুণ কোন হতাশায় ভুগছিলেন, কী তাঁর জীবনের সমস্যা তা ভেবেই অস্থির কাছের মানুষরা। কেন
শেষ আপডেট: 14 June 2020 10:00
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার খবর শুনে ক্ষণিকের জন্য যেন হৃদপিণ্ড স্তব্ধ হয়ে গিয়েছে বলিউডে। মাত্র ৩৪ বছরের ঝকঝকে এক তরুণ কোন হতাশায় ভুগছিলেন, কী তাঁর জীবনের সমস্যা তা ভেবেই অস্থির কাছের মানুষরা। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে ব্যাপারে পুলিশও এখনও পর্যন্ত কিছু বলেনি। কারণ, তদন্ত সবে শুরু হয়েছে মাত্র।
কিন্তু সুশান্তের আত্মহত্যার খবর পেয়েই অনেকে ফিরে তাকাচ্ছেন পাঁচ দিন আগের এক ঘটনার দিকে। গত ৮ জুন সোমবার আত্মহত্যা করেছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। মুম্বইয়ের মালাডের একটি বহুতল আবাসনের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন দিশা। তাঁকে বরিভেলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। তখন একটি পোস্টও করেছিলেন সুশান্ত নিজে।

দিশার আত্মহত্যার নেপথ্যেও কী হতাশা কাজ করেছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পুলিশের একটি সূত্রের মতে, দিশা যখন আত্মহত্যা করেন সেই সময়ে তাঁর প্রেমিক তাঁর সঙ্গে ছিলেন। দিশার বাবা ও মায়ের জবানবন্দি ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ। জেরা করা হয়েছে তাঁর প্রেমিককেও।
পাবলিক রিলেশন ম্যানেজার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন দিশা। পরে তিনি সেলিব্রিটি ট্যালেন্ট ম্যানেজার হয়ে ওঠেন। তা ছাড়া মুম্বইয়ের বান্টি সাজদেহ’স কর্নারস্টোন স্পোর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন দিশা।

তাৎপর্যপূর্ণ হল, শুধু সুশান্ত সিংহ রাজপুত নয় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীরও ম্যানেজার ছিলেন দিশা। রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্কের গভীরতা নিয়ে অবশ্য প্রশ্ন ছিল। গত বছর অগস্ট মাস নাগাদ থেকে দু’জনকে একসঙ্গে ঘন ঘন দেখা যেতে থাকে। যদিও সুশান্ত তখন বলেছিলেন, ব্যাপারটা খুবই প্রাথমিক স্তরে রয়েছে। এখনও গাঢ় হয়নি।
রিয়ার আগে সুশান্তের আরও এর বান্ধবী ছিলেন। তিনি ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। তবে তাঁদের ৬ বছরের সম্পর্ক ২০১৭ সালে ভেঙে যায়। সুশান্ত তখন হাল্কা মেজাজে বলেছিলেন, আসলে সত্যিকার প্রেম আমার হয়েছিল ছোটবেলায়। সেই যখন ক্লাস ফোরে পড়ি।
সে যাক। প্রাক্তন ম্যানেজারের রহস্যজনক ভাবে আত্মহত্যার সুশান্তেরও সে পথ বেছে নেওয়া ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। এই দুই মর্মান্তিক ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কিনা তা অবশ্যই তদন্ত সাপেক্ষ।