
এষা দেওল
শেষ আপডেট: 14 September 2024 12:34
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের হ্যান্ডসাম হাঙ্কদের মধ্যে এক সময় ধর্মেন্দ্রর নাম আসত প্রথমেই। এবার তাঁকে নিয়েই মুখ খুললেন তাঁর দ্বিতীয় পক্ষের বড় মেয়ে এষা দেওল। বাবার বিরুদ্ধেই জানালেন অভিযোগ। 'অভিনয়ে আসতে দেননি বাবা' সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
মাত্র ১৮ বছরেই চেয়েছিলেন মেয়ের বিয়ে দিতে। কিন্তু এষা কখনওই এসব মেনে নেননি। প্রতিবাদ করেছেন। তারপরে বলিউডে পা রেখেছেন। এষা 'দ্য মেল ফেমিনিস্ট'-এর একটি পর্বে এই ঘটনার কথা তুলে ধরেছিলেন। অভিনেত্রী বলেন, 'বাবা কখনওই চাইতেন না আমি অভিনয় করি। আসলে বাবা খুবই প্রাচীনপন্থী। বাবা চেয়েছিলেন ১৮ বছর বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে সংসারী করতে।'
তিনি আরও বলেন, 'এতে আমি ওঁনার দোষ দেখি না। আসলে উনি যে জায়গা থেকে এসেছেন সেখানে সব মহিলাই এইভাবে বড় হয়েছে। কিন্তু আমি তো কখনওই নিজেকে ওভাবে দেখিনি। অভিনয়টাকে সব সময়ই ভালবেসে এসেছি। তাই অভিনয়ের জন্য বাবার বিরুদ্ধেও গিয়েছি বেশ কয়েকবার। বাবার আপত্তি সত্ত্বেও ছবির দুনিয়ায় বেছে নিয়েছি। তবে বাবা প্রতিনিয়ত আমাকে বাধা দিয়েছেন।'
এত কিছুর পরেও তিনি অবশেষে পরিবারকে বুঝিয়ে ২০০২ সালে সিনেমা জগতে পা রাখেন। ‘মেরে দিল সে পুছে’র মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেন এষা। তারপরে একের পর এক হিট ছবি দিয়েছেন দর্শকদের। তাঁর কেরিয়ারে সবচেয়ে ব্লকবাস্টার ছবি ছিল ‘ধুম’।