দ্য ওয়াল ব্যুরো: পরিচালক অভিনব কাশ্যপের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতে চলেছে সলমন খানের পরিবার। সম্প্রতি এমনটাই জানিয়েছেন, সলমনের ভাই আরবাজ খান। তাঁর কথায়, সলমন, সোহেল, তিনি এবং সেলিম খান সকলে মিলেই এবার অভিনব কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
ঘটনার সূত্রপাত অভিনবের একটি ফেসবুক পোস্ট থেকে। সুদীর্ঘ ওই পোস্টে অভিনব অভিযোগ করে লিখেছেন, খান ভাইয়েরা তাঁর কেরিয়ার বরবাদ করেছে। এমনকি তাঁর ছবি বক্স অফিসে চলতে দেননি। প্রসঙ্গত, দাবাং সিরিজের প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন অভিনব কাশ্যপ। সময়টা ২০১০ সাল। তবে এরপর প্রোজেক্ট থেকে সরে যান তিনি। দ্বিতীয় সিজন অর্থাৎ দাবাং-২ পরিচালনা করেন আরবাজ খান।
ফেসবুক পোস্টে অভিনবের অভিযোগ, তাঁকে দাবাং প্রোজেক্ট থেকে সরে যেতে বাধ্য করেছিল খান পরিবার। এমনকি খান ভাইয়েরা নাকি নানা ভাবে চেষ্টা করেছিলেন যাতে অভিনবের ছবি 'বেশরম' রিলিজ না হয়। এখানেই শেষ নয়। ছবি রিলিজ হয়ে যাওয়ার পর 'বেশরম' যাতে বক্স অফিসে হিট না হয় সেজন্যও প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন খানেরা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই বিহারে মামলা দায়ের হয়েছে সলমনের নামে। এইসবের মধ্যে অভিনব কাশ্যপও অভিযোগ এনেছেন এই খানদানের বিরুদ্ধে।
গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ সেলিম খান। তিনি বলেছেন, "সব শুধু আমরাই করেছি। ওঁর ছবিগুলো আগে দেখুন। তারপর এ ব্যাপারে কথা বলা যাবে। অভিনব ওঁর পোস্টে আমার নাম রেখেছেন। উনি বোধহয় আমার বাবা-ঠাকুরদা এঁদের নাম জানেন না। সেগুলোও রাখতে পারতেন। ওঁর যা ইচ্ছে করুন। আমি এসব নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না।"
অন্যদিকে আরবাজ জানিয়েছেন, "দাবাং পরিচালনা করার পর নিজেই সরে যান অভিনব। অফিশিয়াল ভাবেই প্রোজেক্ট থেকে সরেছিলেন তিনি। ২০১৩ সালের পর থেকে ওঁর সঙ্গে আর কোনও যোগাযোগ নেই আমাদের। এখন কেন এইসব অভিযোগ উঠছে জানি না। এর আগেও আমরা অভিনবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলাম। এবারও নেওয়া হবে।"