দ্য ওয়াল ব্যুরোঃ ইথেন হান্ট পারেন না এমন কিছুই নেই। সে বাইক নিয়ে পাহাড় থেকে ঝাঁপ মারাই হোক, কিংবা এক হেলিকপ্টার থেকে অন্য হেলিকপ্টারে ঝাঁপ মারা। আবার দুবাইয়ের বুর্জ খলিফার ৮৪ তলায় বিল্ডিংয়ের বাইরে দিয়ে বেয়ে উঠতেও বিন্দুমাত্র ভয় পান না তিনি। আর সেই জন্যই ইম্পসিবল মিশন ফোর্সের প্রধান ভরসা ইথেন। এই ইথেন ওরফে টম ক্রুজকে ফের একবার দেখা গেল চোখধাঁধানো স্টান্ট করতে।
সম্প্রতি নরওয়েতে বাইক স্টান্ট করতে দেখা গিয়েছে বলিউড অভিনেতা টম ক্রুজকে। পরবর্তী মিশন ইম্পসিবল ছবির শ্যুটিং করতে গিয়েই এই স্টান্ট তাঁকে করতে হয়েছে এমনটাই জানা গিয়েছে। গত মাসে ক্রুজকে দেখা গিয়েছে ব্রিটেনে একটি হন্ডা সিআরএফ ৪৫০ মোটরবাইক নিয়ে ঝাঁপ দিচ্ছেন। সেই অ্যাকশন সিনের ফলো আপ করার জন্যই নরওয়েতে এই দৃশ্যের শ্যুটিং করতে হয়েছে বলেই খবর।
এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, নরওয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং হচ্ছে। একটি বাইকে চেপে র্যাম্পে করে এসে পাহাড়ের উপর থেকে ঝাঁপ মারছেন টম ক্রুজ। সেখানে দেখা যাচ্ছে বাইক নিয়ে ঝাঁপ মারার পরে একটি প্যারাশ্যুটে করে নেমে আসছেন তিনি।
https://youtu.be/GurrPPI7voA
নরওয়েতে হওয়া শ্যুটিংয়ে কোন মোটরবাইকে তিনি চেপেছেন তা বোঝা না গেলেও মনে করা হচ্ছে হন্ডা সিআরএফ ৪৫০ বাইকেই হয়তো তিনি চেপেছেন। ব্রিটেনেও সেই একই দৃশ্যের শ্যুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। দুটি সিকোয়েন্স মিলিয়ে একটি দৃশ্য হিসেবে দেখানো হবে বড় পর্দায়।
জানা গিয়েছে, একটি দৃশ্যের শ্যুটিং করতে প্রায় ২ মিলিয়ন গ্রেট ব্রিটেন পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ১৯ কোটি টাকা। এর থেকেই প্রমাণিত একটি ছোট অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের জন্য কী পরিমাণ খরচ হয় হলিউড ছবিতে। শুধুমাত্র স্ট্যান্ড ক্যামেরায় নয় ড্রোন ও হেলিকপ্টারের ক্যামেরা থেকেও শ্যুটিং করা হয়েছে। তবে এই দৃশ্যেও নিজের স্টান্ট নিজেই করেছেন টম ক্রুজ।
মিশন ইম্পসিবল সিরিজের আগামী ছবির জন্য পুরোদমে শ্যুটিং শুরু করেছেন টম ক্রুজ। বেশিরভাগ ক্ষেত্রেই নিজেই স্টান্ট করছেন তিনি। কিছুদিন আগেই একটি বিএমডাবলু জি ৩১০ জিএস বাইক নিয়েও স্টান্ট করতে দেখা গিয়েছে তাঁকে। এর থেকেই বোঝা যাচ্ছে আগামী ছবিতে বেশ কিছু বাইকের দৃশ্য থাকবে। আর তার জন্যই আগাম প্রস্তুতি করে যাচ্ছেন অভিনেতা।
ভিডিও সৌজন্যে ইউটিউব