দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই যশ রাজ ফিল্মসের দু'জন প্রাক্তন অধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। এ বার ডাক পড়েছে যশ রাজ ফিল্মসের তথা বলিউডের অন্যতম কাস্টিং ডিরেক্টর শান্নো শর্মার। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। তদন্তের স্বার্থে যশ রাজ ফিল্মস এবং অন্যান্য প্রযোজনা সংস্থার থেকে আগামী দিনে আরও কাউকে ডাকা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
রণবীর সিং, বাণী কাপুর, অর্জুন কাপুর ও আরও অনেক তরুণ অভিনেতা-অভিনেত্রীকে যশ রাজ ফিল্মসের ব্যানারে রিলিজ করেছেন শান্নো শর্মা। ২০১২ সালে যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট সই করেন সুশান্তও। তাঁর মৃত্যুর পর বারবার উঠে এসেছে 'ব্যক্তিগত শত্রুতা'-র প্রসঙ্গ। তদন্তের মাঝে জানা গিয়েছে বছর পাঁচেক আগে ২০১৫ সালে যশ রাজ ফিল্মসের সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট ভেঙে দেন সুশান্ত। ঘনিষ্ঠ বন্ধু রিয়া চক্রবর্তীকেও নাকি তেমনটাই করার পরামর্শ দিয়েছিলেন অভিনেতা। পুলিশের দাবি, সুশান্তের মৃত্যুর পর পুলিশি জিজ্ঞাসাবাদের সময় এমনটাই জানিয়েছেন রিয়া। শোনা গিয়েছে, যশ রাজের সঙ্গে কন্ট্রাক্ট নিয়ে নাকি বিশেষ খুশি ছিলেন না সুশান্ত।
অভিনেতা কেন কন্ট্রাক্ট ভেঙেছিলেন, সত্যিই কারও সঙ্গে সুশান্তের শত্রুতা ছিল কিনা----এইসব জানতেই এর আগে যশ রাজ ফিল্মসের কাছে সুশান্তের সঙ্গে হওয়া কন্ট্রাক্টের কাগজপত্র চেয়ে পাঠায় পুলিশ। বান্দ্রা পুলিশের চিঠির জবাবে সবিস্তারে সমস্ত কাগজপত্র জমা দেয় প্রযোজনা সংস্থা। এরপর থেকেই একে একে যশ রাজ ফিল্মসের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। প্রযোজনা সংস্থার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আশিস সিং, আর এক আধিকারিক আশিস প্যাটেলের পর শান্নো শর্মাকে শমন পাঠিয়েছিল বান্দ্রা পুলিশ।
জানা গিয়েছে, অভিনেতার বন্ধুবান্ধব, তাঁর সঙ্গে যাঁরা কাজ করতেন এবং পরিবারের লোক সব মিলিয়ে জন্য পঁচিশেক লোককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সুশান্তের পরিবারের লোকজনকে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। অন্যান্যদের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য।