দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এবার বলিউডের আটজনের বিরুদ্ধে দায়ের হল মামলা। বিহারের মুজফফরপুরে এই মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। করণ জোহর, সলমন খান, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি-সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই আইনজীবী।
সুধীর কুমার ওঝা জানিয়েছেন, তাঁর অভিযোগে তিনি লিখেছেন, সাতটি ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তের। অনেক ছবির রিলিজ আটকে রয়েছে। আর এই সবের চাপেই এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন তরুণ অভিনেতা।
https://twitter.com/ANI/status/1273134366277996544?s=19
ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪, ৫০৬ এই চারটি ধারায় মামলা রুজু হয়েছে বিটাউনের এই আটজনের বিরুদ্ধে। সলমন, করণ কিংবা বনশালির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুখ খুলেছেন একতা কাপুর। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে একতা লিখেছেন, এ ধরনের ঘটনা হতাশারও উর্দ্ধে। আমিই সুশান্তকে লঞ্চ করেছিলাম। এইসব অদ্ভুত যুক্তি কেউ কী ভাবে দিতে পারেন। গুজবে কান দেবেন না। সত্যিটা ঠিক সামনে আসবে।"
https://www.instagram.com/p/CBh4pfvgLGr/?igshid=bhmspwnxoi9p
সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক পরিণতির পর থেকে বিভিন্ন আলোচনায় বারবার ঘুরে ফিরে আসছে বলিউডের স্বজনপোষণের কথা। বাইরে থেকে অর্থাৎ ছোট শহর থেকে আসা অনেক প্রতিভাবান অভিনেতাই হয়তো এর আগে হারিয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রির তারাদের ভিড়ে। তবে সুশান্তের মত কারও সঙ্গে হয়নি। তোপ দেগে অনেকেই বলেছেন বলিউডের একাংশের ঔদ্ধত্য, আচরণ, ব্যবহার এইসবের কারণেই এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত। মাত্র ৩৪ বছরে নিজেকে শেষ করে দিলেন সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
এর আগে সুশান্তের মৃত্যুর সঙ্গে 'ব্যক্তিগত শত্রুতার' যোগ রয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ। টুইট করে তিনি লিখেছিপেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আত্মহত্যা করেছেন সুশান্ত। তবে বেশ কিছু সংবাদমাধ্যমে এটাও বলা হয়েছে যে দীর্ঘ ৬ মাস ধরে ক্লিনিকাল ডিপ্রেশন বুগছিলেন অভিনেতা। এর সঙ্গে ব্যক্তিগত শত্রুতার কোনও যোগ থাকলে তার আর্থিক তদন্ত করুক মুম্বই পুলিশ।
ইতিমধ্যেই সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে ঘুরে গিয়েছে ফরেন্সিক দল। নমুনা সংগ্রহের পাশাপাশি সুশান্তের কল রেকর্ড এবং ল্যাপটপ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিনেতার বন্ধুদেরও।