দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জানা গিয়েছিল দীর্ঘ ৬ মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। চলছিল তাঁর চিকিৎসাও। কেন অভিনেতা দীর্ঘ সময় ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছিলেন, তার শরীর-স্বাস্থ্য কেমন ছিল এইসব ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সুশান্তের সাইক্রিয়াট্রিস্টকে ডেকে পাঠিয়েছিল বান্দ্রা পুলিশ। জানা গিয়েছে, তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
সুশান্তের পরিবার, বন্ধুবান্ধব, অফিসের কর্মী এবং বলিউডের লোকজন মিলিয়ে এখনও পর্যন্ত ৩৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সলমন খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকেও। রেশমা বলিউডের দীর্ঘদিনের পরিচিত ট্যালেন্ট ম্যানেজার। এর আগে সলমন ছাড়াও আলিয়া ভাট, অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, রেশমা জানিয়েছেন, সুশান্তের সঙ্গে বার দুয়েক দেখা হয়েছিল তাঁর। তবে অভিনেতা যে ক্লিনিকাল ডিপ্রেশনের শিকার এ কথা জানতেন না বলেই পুলিশকে জানিয়েছেন রেশমা শেট্টি।
গত ১৪ জুন বন্দ্রায় সুশান্তের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন তিনি। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। তবে এ কথা মেনে নিতে পারেননি অনেকেই। সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সাধারণ মানুষের পাশাপাশি সরব হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও।
সুশান্তের মৃত্যুর পর স্বজনপোষণ, ব্যক্তিগত শত্রুতা এই কথাগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। বলিউডের এলিট ক্লাসের আচরণকেই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছেন অনেকে। ঠিক কী কারণে সুশান্ত এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন তা জানতে জোরকদমে গত এক মাস ধরে তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশও। তারা জানিয়েছে, সম্ভাব্য সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি পাঁচ সদস্যের ফরেন্সিক টিমের সঙ্গেও আলোচনা করেছেন তদন্তকারী আধিকারিকরা। সুশান্তের ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করেছিল ফরেন্সিক টিম। অভিনেতার বেশ কিছু ডায়েরি এবং ওই আবাসনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সুশান্তের মৃত্যুতে ইতিমধ্যেই পরিচালক মুকেশ ছাবরা, অভিনেত্রী সঞ্জনা সাংহি, সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী, পরিচালক সঞ্জয় লীলা বনশালির বয়ান রেকর্ড করেছে পুলিশ। এর পাশাপাশি যশ রাজ ফিল্মসের দুই প্রাক্তন আধিকারিক এবং প্রযোজনা সংস্থার কাস্টিং ডিরেক্টর শন্নো শর্মাকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। খতিয়ে দেখা হয়েছে যশ রাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের কন্ট্রাক্টের সমস্ত কাগজপত্র।